নেপালের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বিদেশ সফরেই ভারতে এলেন বলেন্দ্র! সোমবার বৈঠক করবেন মোদীর সঙ্গে

নিজস্ব সংবাদদাতা, Todays Story : দু’দিনের ভারত সফরে এলেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। গত মার্চ মাসে নেপালের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম বিদেশ সফর। রবিবার দিল্লি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী জিতিন প্রসাদ। রাষ্ট্রীয় মর্যাদায় স্বাগত জানানো হয় তাঁকে। সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন বলেন্দ্র।বলেন্দ্রকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন মোদী। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে নয়াদিল্লিতে এলেন নেপালের প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে ৩৪ জনের একটি প্রতিনিধিদলও ভারতে এসেছে। সোমবার রাষ্ট্রপতি ভবনে যাওয়ার পাশাপাশি রাজঘাটে গিয়ে মহাত্মা গাঁধীকে শ্রদ্ধাজ্ঞাপন করবেন বলেন্দ্র। তার পর মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। এই বৈঠকে শক্তি, প্রতিরক্ষা, নিরাপত্তা সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে দুই রাষ্ট্রপ্রধানের আলোচনা হওয়ার কথা। বলেন্দ্র দ্বিপাক্ষিক সফরে (স্টেট ভিসিট) ভারতে এসেছেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, দু’দিনের সফরে নেপালের প্রধানমন্ত্রীকে সমস্ত রকম রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *