📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সত্যজিৎ দাসের পরিচালনায় আসছে বাংলার প্রথম সারভাইভাল রিভেঞ্জ অ্যাকশন থ্রিলার, বাংলা ছবিতে অভিষেক অসমের অভিনেত্রী আইমি গগৈয়ের
কলকাতা: প্রকৃতির নির্জন সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকা অপরাধের অন্ধকার জগৎ, প্রিয়জনকে হারানোর যন্ত্রণা, অস্তিত্ব রক্ষার লড়াই এবং প্রতিশোধের আগুন—এই সমস্ত উপাদানকে এক সুতোয় বেঁধে বড়পর্দায় আসতে চলেছে নতুন বাংলা ছবি ‘শিকারী’। পরিচালক সত্যজিৎ দাসের পরিচালনায় ছবিটি একটি সারভাইভাল রিভেঞ্জ অ্যাকশন থ্রিলার, যেখানে প্রতিটি মুহূর্তে বদলে যেতে পারে শিকারি ও শিকারের পরিচয়।
ম্যাড ফ্রেমস্ এর পরিবেশনায় ও অংশু সা এর প্রযোজনায় প্রথম ছবি “শিকারী”এর কেন্দ্রীয় চরিত্র শুভ্র সেনের ভূমিকায় অভিনয় করছেন গৌতম দাস, যাঁকে দর্শক এর আগে প্রয়াত অরুণ রায় পরিচালিত ‘এগারো’ ছবিতে দেখেছেন। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন অসমের অভিনেত্রী আইমি গগৈ। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত এবং যুধাজিৎ সরকার। চার অভিনেতার ভিন্নধর্মী চরিত্র ও অভিনয়ের মেলবন্ধনে ছবিটি দর্শকদের সামনে তুলে ধরতে চলেছে এক টানটান উত্তেজনার গল্প।
ছবির কাহিনির কেন্দ্রে রয়েছেন শুভ্র সেন, পেশায় একজন সাংবাদিক ও ভ্রমণচিত্রগ্রাহক। স্ত্রী অনিন্দিতাকে সঙ্গে নিয়ে চন্দ্রপুরের নির্জন সমুদ্রসৈকতে কয়েকটা নির্ভার মুহূর্ত কাটাতে গিয়ে আচমকাই এক ভয়ংকর অপরাধচক্রের মুখোমুখি হয় সে। ঘটনাচক্রে তার ক্যামেরায় ধরা পড়ে যায় এমন কিছু দৃশ্য, যা তাকে জড়িয়ে ফেলে এক বিপজ্জনক পরিস্থিতিতে। এরপর ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা তার জীবনের সমস্ত হিসাব বদলে দেয়। প্রিয়জনকে হারানোর যন্ত্রণা, বেঁচে থাকার তাগিদ এবং প্রতিশোধের আগুনে বদলে যেতে থাকে শুভ্র। যে ক্যামেরা একসময় তার কাছে ছিল প্রকৃতির সৌন্দর্য খুঁজে পাওয়ার মাধ্যম, সেটাই হয়ে ওঠে সত্যের সন্ধান এবং শত্রুকে চিহ্নিত করার হাতিয়ার।
পরিচালক সত্যজিৎ দাসের কথায়, “‘শিকারী’ আমার কাছে শুধুমাত্র একটি অ্যাকশন বা প্রতিশোধমূলক থ্রিলার নয়। এটি মানুষের অস্তিত্ব রক্ষার লড়াই, প্রতিশোধের আগুন এবং প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে এক অসম সাহসী লড়াইয়ের গল্প।” বাংলা সিনেমায় অ্যাকশন, অপরাধ এবং প্রতিশোধের গল্প আগেও তৈরি হয়েছে। তবে বেঁচে থাকার লড়াই, প্রতিশোধ এবং উচ্চমাত্রার অ্যাকশন—এই তিনটি বিষয়কে একসঙ্গে নিয়ে একটি পূর্ণাঙ্গ সিনেম্যাটিক অভিজ্ঞতা তৈরি করাই তাঁর মূল লক্ষ্য। সমুদ্রতট, নির্জন উপকূল এবং প্রকৃতির রুক্ষ পরিবেশকে ছবিতে শুধুমাত্র গল্পের পটভূমি হিসেবে নয়, বরং গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে তুলে ধরার পরিকল্পনা রয়েছে। পরিচালকের বিশ্বাস, ‘শিকারী’ বাংলা সিনেমায় সারভাইভাল রিভেঞ্জ অ্যাকশন থ্রিলারের একটি নতুন অধ্যায় তৈরি করার সাহসী প্রচেষ্টা হতে চলেছে। তাঁর কথায়, “এটি শুধু শিকারির গল্প নয়, কখনও কখনও শিকারও যে শিকারিকে হারিয়ে দিতে পারে—‘শিকারী’ সেই গল্পই বলবে।”
ছবিতে শুভ্র সেনের চরিত্রে অভিনয় করা গৌতম দাসের কাছে এই চরিত্রটি যথেষ্ট চ্যালেঞ্জিং। তাঁর কথায়, “শুভ্রকে শুধু একজন অ্যাকশন হিরো হিসেবে দেখানো হয়নি। তার মধ্যে যেমন আবেগ, যন্ত্রণা এবং অসহায়তা রয়েছে, তেমনই রয়েছে অসম্ভব মানসিক শক্তি, সাহস এবং প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করার ক্ষমতা।” পরিচালকের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে গৌতম জানান, শুভ্রর শারীরিক অভিব্যক্তি, মানসিকতা, আবেগের বিভিন্ন স্তর এবং প্রতিকূল পরিস্থিতিতে তার প্রতিক্রিয়া নিয়ে পরিচালকের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। তাঁর মতে, সত্যজিতের ভাবনা অত্যন্ত স্পষ্ট, যা একজন অভিনেতাকে চরিত্রটি ফুটিয়ে তুলতে আত্মবিশ্বাস জোগায়। গল্পের প্রতিটি মুহূর্তে শারীরিক লড়াইয়ের পাশাপাশি যে মানসিক সংঘাত রয়েছে, সেটিই এই চরিত্রের অন্যতম আকর্ষণ।
অসমের অভিনেত্রী আইমি গগৈয়ের কাছে ‘শিকারী’ বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই ছবির হাত ধরেই বাংলা পূর্ণদৈর্ঘ্যের ছবিতে তাঁর অভিষেক হতে চলেছে। পরিচালক সত্যজিৎ দাসের সঙ্গে পূর্ণদৈর্ঘ্যের বাংলা ছবিতে এই প্রথম কাজ। আইমির কথায়, “বাংলা ছবিতে আমার প্রথম কাজ হওয়ায় প্রতিটি অভিজ্ঞতাই ছিল নতুন ও উত্তেজনাপূর্ণ। একই সঙ্গে এটি আমার কাছে অনেক কিছু শেখার সুযোগ।” নিজের চরিত্রটি সম্পর্কে তিনি জানান, চরিত্রটির স্বতন্ত্রতা ও আবেগ তাঁকে একজন অভিনেত্রী হিসেবে নতুনভাবে নিজেকে আবিষ্কার করার সুযোগ দিয়েছে। পরিচালকের সহযোগিতা এবং স্পষ্ট নির্দেশনা তাঁকে চরিত্রটি বুঝতে ও পর্দায় বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করেছে। অসম থেকে এসে বাংলা ছবিতে কাজের সুযোগ পাওয়াকে তিনি নিজের অভিনয়জীবনের একটি বিশেষ মাইলফলক বলেই মনে করেন। দর্শক তাঁর চরিত্রের সঙ্গে আবেগের যোগসূত্র খুঁজে পাবেন বলেই তাঁর আশা।
অন্যদিকে, ছবিতে একজন ব্যবসায়ী ও রাজনীতিবিদের চরিত্রে দেখা যাবে রজতাভ দত্তকে। তাঁর চরিত্রটি ইতিবাচক না নেতিবাচক, তা দর্শকদের বিচারবুদ্ধির উপরেই ছেড়ে দিতে চান অভিনেতা। গল্প শোনার অভিজ্ঞতা প্রসঙ্গে রজতাভর বক্তব্য, “গল্পটা শোনার পর পরিচালককে বলেছিলাম, এটা বাংলা সিনেমা না ইংলিশ সিনেমা! কারণ আমার বিশ্বাস, গল্পটি যেভাবে পরিচালক বুনেছেন, সেটা দর্শকের কাছে বাংলায় একটা নতুন স্বাদ উপহার দেবে।” গৌতম দাসের অভিনয় প্রসঙ্গেও তিনি প্রশংসা করেন। তাঁর মতে, ছবির চিত্রনাট্য ও সংলাপ যথেষ্ট টানটান এবং সামগ্রিকভাবে দর্শকদের জন্য একটি জমজমাট অভিজ্ঞতা অপেক্ষা করছে।
ছবিতে অরিন্দম সেন নামে একজন স্থানীয় থানার ভারপ্রাপ্ত আধিকারিকের চরিত্রে অভিনয় করছেন যুধাজিৎ সরকার। তাঁর চরিত্রের কথায়, “নানান জায়গায় বদলি হওয়ার দরুন তাঁর কথার টান কিছুটা মিশ্র। পান খাওয়ার অভ্যেস আছে মানুষটির। নেতিবাচক দিক থাকলেও চরিত্রটি বেশ মজার! অনেক রকম পরীক্ষা-নিরীক্ষা করতে পেরেছি চরিত্রটি নিয়ে।” পরিচালক সত্যজিৎ দাসের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে যুধাজিৎ জানান, চরিত্রের ভাবনা ও মানসিকতা নিয়ে তাঁদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। তাঁর মতে, পরিচালকের ভাবনা খুব পরিষ্কার, যা কাজের ক্ষেত্রে বাড়তি আত্মবিশ্বাস জোগায়। গল্পটিকে একটি প্রতিশোধমূলক থ্রিলার হিসেবে উল্লেখ করে তিনি জানান, এই ধরনের স্বাদের বাংলা ছবি খুব একটা দেখা যায় না। যাঁরা প্রতিশোধমূলক থ্রিলার পছন্দ করেন, তাঁদের ছবিটি ভালো লাগবে বলেই তাঁর আশা।
চন্দ্রপুরের নির্জন সমুদ্রতট, ঝাউবন এবং অন্ধকার অলিগলিকে কেন্দ্র করে এগিয়ে চলবে এই শিকারের খেলা। এখানে শুধু শারীরিক লড়াই নয়, রয়েছে মানসিক সংঘাত, বুদ্ধির লড়াই এবং প্রতিটি মুহূর্তে বেঁচে থাকার প্রবল আকাঙ্ক্ষা। শেষ পর্যন্ত কে শিকারি আর কে শিকার, সেই প্রশ্নের উত্তর মিলবে গল্পের শেষ মুহূর্তে।
সিনেমায় সঙ্গীত পরিচালক হিসাবে অভিষেক হতে চলেছে জনপ্রিয় গায়ক মিতাস ভট্টাচার্যের।
সিনেমা টি মুক্তি পাবে ২০২৭ সালের প্রেম দিবসে ।
‘শিকারী’—প্রতিশোধ থেকেই শুরু শিকার।
একটি ক্যামেরা, এক অসম লড়াই আর প্রতিশোধের এক ভয়ংকর খেলা—‘শিকারী’ দর্শকদের জন্য কতটা নতুন অভিজ্ঞতা নিয়ে আসে, এখন সেটাই দেখার অপেক্ষা।

