📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রেল জানিয়েছে, যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে দিগনগর হল্ট হয়ে শান্তিপুর ও কৃষ্ণনগর সিটি জংশনের মধ্যে দৈনিক ট্রেন পরিষেবা এক জোড়া থেকে বাড়িয়ে দু’জোড়া করা হয়েছে। সকালের আপ ট্রেনটি শান্তিপুর থেকে ৯টা ৩৪ মিনিটে ছেড়ে ১০টা ৭ মিনিটে কৃষ্ণনগর সিটি জংশনে পৌঁছোবে। ফেরার ডাউন ট্রেনটি কৃষ্ণনগর থেকে ১০টা ১৭ মিনিটে ছেড়ে ১০টা ৪৩ মিনিটে শান্তিপুরে পৌঁছোবে। শিয়ালদহ-বজবজ রুটে গভীর রাতে একটি ট্রেন পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছে। ডাউন ট্রেনটি শিয়ালদহ থেকে রাত ১০টা ৫৫ মিনিটে ছেড়ে ১১টা ৪৩ মিনিটে বজবজ পৌঁছোবে। ফেরার আপ ট্রেনটি বজবজ থেকে ছাড়বে রাত ১১টা ৫৪ মিনিটে। শিয়ালদহে পৌঁছোবে রাত ১২টা ৪৮ মিনিটে। এ ছাড়া, শহরতলির যাত্রীদের জন্য শিয়ালদহ–কৃষ্ণনগর সিটি জংশন শাখার বদকুল্লা স্টেশনে চারটি এসি ইএমইউ লোকালের পরীক্ষামূলক স্টপেজ দেওয়া হয়েছে। রবিবার ছাড়া প্রতিদিন আপের ট্রেন সকাল ১১টা ৫৩ মিনিটে এবং ডাউনের ট্রেন বেলা ১টা ৪০ মিনিটে বদকুল্লায় থামবে। রবিবার আপের ট্রেন বেলা ২টো নাগাদ এবং ডাউন ট্রেন বিকেল ৪টে ১৫ মিনিট নাগাদ ওই স্টেশনে থামবে।
শিয়ালদহ শাখার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা বলেন, ‘‘দুর্গাপুজো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উৎসব। প্রত্যেক যাত্রী ও দর্শনার্থীর জন্য নিরাপদ, স্বচ্ছন্দ, নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার। রাতভর পরিষেবা, ২৪ ঘণ্টা ওয়াররুমের মাধ্যমে নজরদারি এবং সমস্ত গুরুত্বপূর্ণ স্টেশনে উন্নত যাত্রী পরিষেবার মাধ্যমে আমরা আমাদের অপারেশনাল নেটওয়ার্ককে আরও শক্তিশালী করেছি। উৎসবের দিনগুলিতে যাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে আমাদের টিম ২৪ ঘণ্টা সতর্ক রয়েছে।”

