২৬ নভেম্বর রাজ্যের সব স্কুলে ‘সংবিধান দিবস’ পালন, নির্দেশিকা জারি স্কুল শিক্ষা দপ্তরের

নিজস্ব সংবাদদাতা, Todays Story : আগামী ২৬ নভেম্বর, বৃহস্পতিবার রাজ্যের সমস্ত স্কুলে ‘সংবিধান দিবস’ (Constitution Day) পালনের নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দপ্তর। রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের অধীনস্থ সমগ্র শিক্ষা মিশনের তরফে সমস্ত জেলার জেলা শিক্ষা আধিকারিকদের (DEO) কাছে এই মর্মে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতীয় সংবিধান দিবসকে স্মরণ করতে এবং সংবিধানের মূল্যবোধ ও আদর্শ সম্পর্কে সচেতনতা প্রসারের লক্ষ্যে প্রতি বছর ২৬ নভেম্বর সংবিধান দিবস হিসেবে পালিত হয়। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং বেসরকারি স্কুলে ছাত্রছাত্রী ও শিক্ষকদের সর্বাধিক অংশগ্রহণের মাধ্যমে দিনটি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।স্কুলগুলিতে যে সমস্ত কর্মসূচি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে—• প্রাতঃকালীন সমাবেশে সম্মিলিত ভাবে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ• নিজ নিজ জেলা বা রাজ্য থেকে গণপরিষদে প্রতিনিধিত্বকারী সদস্যদের সম্পর্কে গবেষণা ও বক্তব্য রাখতে পড়ুয়াদের উৎসাহিত করা• সংবিধান-ভিত্তিক বিষয়বস্তুর উপরে পোস্টার তৈরি ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন• সংবিধানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বুকমার্ক, ব্যাজ, কোলাজ তৈরি এবং অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ড পরিচালনা।‘সংবিধান দিবস’ পালন কর্মসূচির পুরো বিষয়টি সুষ্ঠু ভাবে নজরদারির জন্য প্রতিটি জেলায় একজন করে জেলাস্তরের নোডাল অফিসার নিয়োগ করতে বলা হয়েছে। পাশাপাশি, নোডাল অফিসারের তথ্য এবং স্কুলভিত্তিক অংশগ্রহণের পরিসংখ্যান গুগল ট্র্যাকারে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা শিক্ষা আধিকারিকদের।প্রসঙ্গত, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা প্রথম প্রবর্তিত হয়েছিল ১৯৪৯ সালের ২৬ নভেম্বর। এর পরে ১৯৫০ সালের ২৬ জানুয়ারি সরকারি ভাবে সংবিধান কার্যকর করা হয়। কেন্দ্রীয় সরকার ২০১৫ সালে গেজেট নোটিফিকেশন করে ২৬ নভেম্বর দিনটিকে ‘সংবিধান দিবস’ হিসেবে ঘোষণা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *