📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:কলকাতার কালীঘাটের ঐতিহ্যবাহী সংঘশ্রী এ বছর ৮১তম বর্ষে পা রাখল। ২০২৬-এর পুজোর ভাবনা ‘উদযাপন’— আনন্দ, উৎসব, সংস্কৃতি ও ঐতিহ্যের এক সম্মিলিত প্রকাশ।
‘বারো মাসে তেরো পার্বণ’-এর দেশ বাংলার জীবন ও সংস্কৃতির সঙ্গে উৎসব ওতপ্রোতভাবে জড়িত। ধর্মীয় ও সামাজিক নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসব মানুষের মধ্যে আনন্দ, ঐক্য ও সম্প্রীতির বার্তা বহন করে। একই সঙ্গে উৎসব পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে, মানুষের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা বাড়ায় এবং বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি করে।
এই ভাবনাকেই কেন্দ্র করে কালীঘাট সংঘশ্রীর ৮১তম বর্ষের নিবেদন ‘উদযাপন’। আনন্দকে অর্ঘ্য করে, উৎসবকে সঙ্গী করে এই আয়োজনের মধ্য দিয়ে বাংলার চিরন্তন সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার প্রয়াস নেওয়া হয়েছে।
সমগ্র পরিকল্পনা ও রূপায়ণের দায়িত্বে রয়েছেন শিল্পী মহুয়া ওঝা। প্রতিমা নির্মাণ করছেন দীপেন মণ্ডল।
সংঘশ্রীর এবারের আয়োজনে ‘উদযাপন’ হয়ে উঠতে চলেছে শুধু পুজোর বিষয়বস্তু নয়, বরং মানুষের সঙ্গে মানুষের বন্ধন, সংস্কৃতির প্রতি ভালোবাসা এবং ঐতিহ্যকে আগামী প্রজন্মের হাতে তুলে দেওয়ার এক প্রতীকী বার্তা।

