মাসিক এক থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা! কারা পাবেন বিবেকানন্দ মেরিট স্কলারশিপ?

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মেধাবী এবং অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া পড়ুয়ারা যাতে পড়াশোনা থেকে দূরে সরে না যান, সে উদ্দেশ্যেই রাজ্যে এই স্কলারশিপের ব্যবস্থা করা হয়। অন্য অনেক প্রকল্পের মতো এই প্রকল্পের টাকাও পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে, জানা গিয়েছে এমনই।

কারা আবেদন করতে পারবেন?

যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর স্তরের পড়ুয়ারা আবেদন করতে পারবেন। পাশাপাশি গবেষণা করছেন বা করবেন এমন শিক্ষার্থীরা এই বৃত্তি পেতে পারেন।

যোগ্যতা

যে স্তরের পড়ার জন্য আবেদন করবেন তার আগের স্তরে ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। তবে, পারিবারিক বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম হওয়া বাধ্যতামূলক।

কোন স্তরে কতটা বৃত্তির পরিমাণ

কোন বিভাগে পড়ছেন তার উপর নির্ভর করেই আর্থিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। প্রতি মাসে ১,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে।

উচ্চ মাধ্যমিক বা ডিএলএড পড়ুয়ারাও মাসে ১ হাজার টাকা করে পাবেন। পলিটেকনিক পড়ুয়ারা প্রতি মাসে ১৫০০ টাকা করে পাবেন।

বিজ্ঞান বিভাগের স্নাতক ও পেশাদারি কোর্সের পড়ুয়ারা মাসে ১৫০০ টাকা বা বার্ষিক ১৮ হাজার টাকা পাবেন। কলা ও বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রীরা মাসে ১০০০ টাকা বা বার্ষিক ১২ হাজার টাকা সহায়তা পাবেন।

স্নাতকোত্তরে কলা এবং বাণিজ্য বিভাগের পড়ুয়ারা প্রতি মাসে ২০০০ টাকা করে পাবেন। বিজ্ঞানে স্নাতকোত্তর পাঠরতেরা পাবেন মাসিক ২৫০০ টাকা।

এ ছাড়াও আইআইটি-র ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল, নার্সিং, ফার্মেসি, বিএড এবং পিএইচডি পড়ুয়ারাও এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবেন। মেডিক্যাল পড়ুয়াদের মাসিক ৫০০০ টাকা করেও পাওয়ার সুযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *