
নিজস্ব সংবাদদাতা, Todays Story : হাওড়া পুরসভা ভোট নিয়েও এ বার আইনি জটিলতা। ওই পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে বিতর্কের মধ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনকে সতর্ক করল কলকাতা হাই কোর্ট। সোমবার আদালত জানায়, পরবর্তী শুনানির আগে যদি ভোটের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হয়, সে ক্ষেত্রেও মামলার ভবিষ্যতের উপর বিষয়টি নির্ভর করবে। অর্থাৎ, ভোট ঘোষণা হয়ে গেলেও মামলায় যা নির্দেশ হবে, তা মানতে হবে কমিশনকে।হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা করেছিলেন সিপিএমের প্রাক্তন মেয়র পারিষদ তথা বিধানসভা ভোটে মধ্য হাওড়া কেন্দ্রের প্রার্থী ইমতিয়াজ আহমেদ। সোমবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি রাজা বসু চৌধুরীর একক বেঞ্চে। শুনানিপর্ব শেষে ভোটঘোষণার উপর কোনও স্থগিতাদেশ দেয়নি আদালত। তবে বিচারপতি জানিয়েছেন, এই মামলার পরবর্তী শুনানি হবে ১ ডিসেম্বর। তার আগে ভোটের দিনক্ষণ যদি ঘোষণা হয়ে যায়, তার পরেও এই মামলার ভবিষ্যতের উপর তা নির্ভর করবে।

