ফের আত্মহত্যার চেষ্টা মেট্রোয়! এ বার মাস্টারদা সূর্য সেন স্টেশনে, শহিদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ পর্যন্ত বন্ধ পরিষেবা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মেট্রোরেল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১৩ মিনিট নাগাদ মাস্টারদা সূর্য সেন স্টেশনে এক ব্যক্তি আচমকাই দক্ষিণেশ্বরগামী ট্রেনের সামনে ঝাঁপ দেন। বিষয়টি নজর আসতেই দ্রুত ট্রেন থামিয়ে দেন চালক। উদ্ধারকাজের জন্য লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, দ্রুত উদ্ধারকাজ শেষ করে আবার পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।

আত্মহত্যার চেষ্টার ঘটনার কারণে ব্যাহত হয় পরিষেবা। সাময়িক সময়ের জন্য টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা স্বাভাবিক ছিল। পরিষেবা ব্যাহত হওয়ায় অগত্যা অনেক অফিসফেরত যাত্রী পাতালপথ ছেড়ে সড়কপথে গন্তব্যে পৌঁছোনোর চেষ্টা করছেন।

সোমবারও এক যাত্রীর আত্মহত্যার চেষ্টার কারণে ব্লু লাইনে ব্যাহত হয়েছিল পরিষেবা। বিকেলে রবীন্দ্র সরোবর স্টেশনে ঘটনাটি ঘটেছিল। তার জেরে এক ঘণ্টার বেশি সময় পরিষেবা ব্যাহত ছিল। মঙ্গলবার একই ঘটনা ঘটল। তার ফলে আবার মেট্রোয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন যাত্রীরা।