📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:পশ্চিমবঙ্গে বিগত বেশ কয়েকটি নির্বাচনে উত্তরবঙ্গ থেকে ধারাবাহিক ভাবে ভাল ফল করে এসেছে বিজেপি। এই অবস্থায় বিজেপির সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দুর উত্তরবঙ্গ সফরের দিকে নজর রয়েছে সকলের। শনিবার উত্তরকন্যায় একটি প্রশাসনিক বৈঠক রয়েছে শুভেন্দুর। তার আগে শিলিগুড়িতে এক দলীয় কার্যালয়ে বিজেপির নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সেখানে শুভেন্দু বলেন, “আমরা সংকল্পপত্রে যা যা বলেছি, সুনির্দিষ্ট সময়ের মধ্যে তা পূরণ করব। তার কিছু ফল আপনারা পেয়েছেন। আগামী জুন থেকেও কিছু ফল পাবেন। ক্রমান্বয়ে, আগামী তিন মাস, ছ’মাস, এক বছরের মধ্যে আমরা মানুষের কাছে দেওয়া কথা পূরণ করব।”
শুভেন্দুর নেতৃত্বাধীন বিজেপির সরকার যে উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দেবে, তা-ও স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। বিগত নির্বাচনগুলিতে উত্তরবঙ্গ থেকে বিজেপির সাফল্যের কথা উল্লেখ করে তিনি বলেন, “উত্তরবঙ্গ হল বিজেপির ভদ্রাসন। তাই এই সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে উত্তরবঙ্গ অগ্রাধিকার পাবে।” এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, আগামী জুলাই মাসে তিনি ফের উত্তরবঙ্গ সফরে যাবেন। তার আগে বিজেপির কর্মীরা রাজ্য সরকারকে যা যা প্রস্তাব দিতে চান, তা নথিভুক্ত করে রাখার পরামর্শ দেন তিনি। জুলাই মাসে উত্তরবঙ্গ সফরে গিয়ে তিনি ওই প্রস্তাবগুলি সংগ্রহ করবেন। তার মধ্যে যেগুলি সরকারের পক্ষে করা সম্ভব, সেগুলি দ্রুততার সঙ্গে করে দেওয়া হবে বলে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী।

