সরকারি চাকরিতে এক লক্ষ শূন্যপদে নিয়োগ হবে, অর্ধেক শুধু শিক্ষাক্ষেত্রেই! ৩৩% মহিলা সংরক্ষণ, ঘোষণা স্বপনের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রাজ্য সরকারের কোন বিভাগে কত কর্মী নিয়োগ করা হবে, তা-ও জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী। তিনি জানান, যে এক লক্ষ শূন্যপদে নিয়োগ করা হবে, তার মধ্যে ২০ হাজার শূন্যপদ রয়েছে পুলিশ বিভাগে। ৫০ হাজার জনকে শিক্ষক, শিক্ষাকর্মী, অধ্যাপক পদে নিয়োগ করা হবে। ১০০০টি ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসের পদে নিয়োগ হবে। এ ছাড়াও অন্য সরকারি দফতরের বাকি শূন্য পদে নিয়োগ করা হবে। যেখানে প্রযোজ্য, সেখানে ১০ শতাংশ পদ অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে।

রাজ্যের বিভিন্ন সরকারি এবং সরকার পোষিত প্রতিষ্ঠানে চাকরির পরীক্ষায় জনসাধারণের আস্থা ফেরাতে সরকার বিশেষ ভাবে উদ্যোগী হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী স্বপন। সরকারের নিয়োগকারী সংস্থাকে ইউপিএসসি-র ধাঁচে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনা হবে। বাজেটে সরকারের তরফে জানানো হয়েছে, এতে স্বচ্ছতা বৃদ্ধি পাবে, নিয়োগ ব্যবস্থায় সাধারণ মানুষের আস্থা বাড়বে।

সরকারি পদে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ইতিমধ্যে ৫ বছর ছাড় দেওয়া হয়েছে। এ বার এই বয়সের ঊর্ধ্বসীমায় ছাড়ের সুবিধা পরবর্তী দু’বছরের জন্য বহাল থাকবে— বাজেটে জানিয়ে দিল শুভেন্দুর সরকার। বিধানসভা ভোটের প্রচারে এই বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। ভোটে জিতে ক্ষমতায় এসে সরকারি চাকরিতে বয়সের ছাড় দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। সেই মতো বিজ্ঞপ্তিও জারি করে নবান্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *