📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: পরিষদীয় দল হোক বা সংসদীয়— দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের বড় অংশই এখন বিদ্রোহী। জেলায় জেলায়, ব্লকে ব্লকে নেতা থেকে কর্মীরা গ্রেফতার হচ্ছেন। বাকিরা পালিয়ে বেড়াচ্ছেন। অনেকেই এলাকাছাড়া। দলের তহবিলও হাতে থাকবে কি না, তা নিয়েও সংশয়। নেতা-কর্মীদের আইনি সহায়তা দেওয়ার লোক নেই। ছন্নছাড়া অবস্থা গোটা দলের। আর সেই অবস্থাতেও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রাইভেট জেট চড়া নিয়ে প্রশ্ন তুলেছেন দলের বিধায়ক কুণাল ঘোষ। শুক্রবার লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করতে দিল্লি গিয়েছেন অভিষেক। আগের মতোই চার্টার্ড বিমানে। আর তা নিয়ে কুণালের বক্তব্য স্পষ্ট, ‘‘উনি চার্টার্ড বিমানে গিয়েছেন কি না জানা নেই। আর যদি গিয়ে থাকেন এবং তা যদি দলের টাকায় হয়, তা হলে তা সমর্থন করি না।’’
যদিও দিল্লিতে কুণালের মন্তব্য নিয়ে প্রশ্ন করলে অভিষেক এড়িয়ে গিয়েছেন। তাঁর বক্তব্য, ‘‘যাঁরা এ সব বলছেন, আমি কিসে আসছি, কিসে যাচ্ছি কোথা থেকে নামছি, তাঁরা যদি লিখিত দিয়ে দেন, আমি ইকনমি ক্লাসে যাব। কুণাল ঘোষ আমার সহকর্মী। তিনি আমার বিরুদ্ধে বলতে পারেন, আমি তাঁর বিরুদ্ধে বলব না।’’

