📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: নির্বাচনী প্রচারের সময় থেকেই বিজেপি বলে আসছিল, তারা ক্ষমতায় এলে ‘সুশাসন’ ফেরাবে রাজ্যে। ‘ভয় আউট, ভরসা ইন’ স্লোগান তুলেছিল বিজেপি। রাজ্যে ক্ষমতায় আসার পর দুর্নীতির বিরুদ্ধে বিবিধ পদক্ষেপও শুরু করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকার। বৃহস্পতিবার বিধানসভায় প্রারম্ভিক ভাষণের শুরুতেই আসন্ন পশ্চিমবঙ্গ দিবস (২০ জুন)-এর জন্য রাজ্যবাসীকে আগাম শুভেচ্ছা জানান রাজ্যপাল। একই সঙ্গে তিনি বলেন, “গত দেড় দশকে এই প্রথম বার পশ্চিমবঙ্গবাসী নতুন সরকারের পক্ষে স্পষ্ট জনমত দিয়েছে। রাজ্যে দীর্ঘ সময় ধরে ভয় এবং হতাশার যে বাতাবরণ ছিল, তাকে স্পষ্ট ভাবে প্রত্যাখ্যান করেছে রাজ্যবাসী।”
রাজ্যের নতুন সরকার ইতিমধ্যে যে উন্নয়নের দিশায় এগোতে শুরু করেছে, সে কথাও তুলে ধরেন রাজ্যপাল। ভাষণে তিনি বলেন, “শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার জাতি ধর্ম নির্বিশেষে রাজ্যের সার্বিক উন্নয়ন করবে। আগামীর চ্যালেঞ্জ এবং দায়িত্বের বিষয়ে আমার সরকার অবগত।” তিনি আশ্বস্ত করেন রাজ্যে সকলের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করবে নতুন সরকার। রাজ্যের প্রত্যেক সাধারণ মানুষ যাতে সম্মানের সঙ্গে স্বাধীন ভাবে দৈনন্দিন জীবন কাটাতে পারেন, তা-ও নতুন সরকার নিশ্চিত করবে বলে আশাবাদী তিনি।
বিগত সরকারের আমলে অপরাধমূলক সিন্ডিকেট, তোলাবাজি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সমাজবিরোধীদের চক্র গড়ে উঠেছিল বলে অভিযোগ। নতুন সরকার এ সবের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করে বলে বিধানসভায় জানান রাজ্যপাল। বিশেষ ভাবে উল্লেখ করেন সিন্ডিকেট, তোলাবাজি, বেআইনি ভাবে কয়লা এবং বালি তোলা, মহিলা ও শিশুদের উপর অত্যাচার এবং পাচারের কথা। রাজ্যের সাংবিধানিক প্রধান আশ্বাস দেন, নতুন সরকার এই সবের বিরুদ্ধেই পদক্ষেপ করবে। তিনি বলেন, “আমার সরকার আইনের শাসন ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ করবে।”

