📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী, ১২ জেলার ৬৪টি সরকারি স্বাস্থ্যপ্রতিষ্ঠানে চিকিৎসা সরঞ্জাম ‘চুরির’ ঘটনা ঘটেছে। এই ৬৪টি সরকারি প্রতিষ্ঠানের মধ্যে ৫০টি উপস্বাস্থ্যকেন্দ্র, ১৩টি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। চুরির তালিকায় শীর্ষে রয়েছে হাওড়া। হাওড়ার ২৫টি স্বাস্থ্যকেন্দ্রে এ ধরনের ঘটনা ঘটেছে। তার মধ্যে ১৮টি স্বাস্থ্যকেন্দ্র সাঁকরাইলে অবস্থিত। বাকি সাতটি শ্যামপুর দু’নম্বর ব্লকের অন্তর্গত। কোভিডের মোকাবিলায় গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামোকে মজবুত করার জন্য ২০২১-২২ সালে পঞ্চদশ অর্থ কমিশন এই সকল সামগ্রী কেনার জন্য অর্থ বরাদ্দ করেছিল। জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পে এই অর্থ মঞ্জুর করা হয়। কোটি কোটি টাকা ব্যয়ে কেনা যন্ত্রপাতি সঠিক ভাবে দেখভালের জন্য ২০২৪ সালে সব জেলার জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের একটি চিঠিও দিয়েছিলেন জাতীয় স্বাস্থ্য মিশনের তৎকালীন অধিকর্তা। সেগুলির যাতে যথাযথ ব্যবহার করা হয়, সে কথাও চিঠিতে লেখা হয়েছিল।
৬৪ সরকারি স্বাস্থ্যকেন্দ্রে গায়েব কোটি কোটি টাকার যন্ত্রাংশ! সিঁদ কাটল কে? এফআইআর করার নির্দেশ স্বাস্থ্য দফতরের

