সরকারি কাজে বাধ্যতামূলক বাংলা! অমিত শাহের পরামর্শ মেনে নীতি ঘোষণা শুভেন্দুর, কার্যকর হবে ১ সেপ্টেম্বর থেকে

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রবিবার কলকাতায় জাতীয় গ্রন্থাগারে ‘শব্দ সংগ্রহশালা’র উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উদ্বোধনমঞ্চ থেকে বাংলা ভাষার মর্যাদা ও ব্যবহার বৃদ্ধির বার্তা দেন তিনি। এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে একটি চিঠিও দেন শাহ। ওই চিঠি প্রসঙ্গে শাহ বলেছিলেন, “আমার মনের একটা কথা আমি শুভেন্দুকে চিঠিতে লিখেছি। আমার বিশ্বাস, শুভেন্দু আমার সেই স্বপ্ন নিশ্চয়ই পূরণ করবেন।” মুখ্যমন্ত্রীও জানিয়েছিলেন, ওই চিঠি তিনি সোমবার বিধানসভায় পড়ে শোনাবেন।

সেই মতো সোমবার সকাল ১১টায় বিধানসভায় শাহের লেখা ওই চিঠি পাঠ করেন মুখ্যমন্ত্রী। চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, প্রশাসন, শিক্ষা, জনজীবনে ভারতীয় ভাষাগুলির যথাযথ স্থান পাওয়া উচিত। শাসনব্যবস্থা সাধারণ মানুষের নিজস্ব ভাষায় চললে তবেই তা কার্যকর এবং জনমুখী হতে পারে বলে মনে করেন তিনি। এ অবস্থায় শুভেন্দুকে তাঁর প্রস্তাব, পশ্চিমবঙ্গে বাংলা ভাষার ব্যাপক প্রয়োগের বিষয়ে উৎসাহ দিতে প্রশাসনের প্রতিটি স্তরে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে।

ভূমি ও ভূমি সংস্কার দফতর থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর দফতর পর্যন্ত প্রশাসনের প্রতিটি স্তরে বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছেন শাহ। সরকারি ফাইলপত্র, টীকা (নোটিং), চিঠি বা কোনও সরকারি নির্দেশিকায় বাংলা ভাষা ব্যবহারের জন্য মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন শাহ। এফআইআর দায়েরের ক্ষেত্রেও বাংলাকেই প্রাধান্য দিতে বলা হয়েছে। পাশাপাশি কেন্দ্র বা অন্য রাজ্যের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বিদেশি ভাষার পরিবর্তে বাংলা এবং হিন্দি ভাষার ব্যবহারের কথা চিঠিতে বলেছেন শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই প্রস্তাবগুলিকে মান্যতা দিয়েই এ বার নতুন ভাষানীতি ঘোষণা করল রাজ্য সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *