
নিজস্ব সংবাদদাতা, Todays Story : রাজ্যে পালাবদলের পর প্রথমবার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে পা রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার মতুয়া গোঁসাই সম্মেলনে যোগ দিতে ঠাকুরনগরে পৌঁছন তিনি। তবে এদিন ছিল অন্যরকম ছবি। নিজের সরকারি গাড়ি ছেড়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের গাড়িতে চড়েই ঠাকুরবাড়িতে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী। সেখানে কামনাসাগর-সহ হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের মন্দির এবং ঠাকুরবাড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন তিনি। ঠাকুরবাড়িতেই মধ্যাহ্নভোজ সারেন মুখ্যমন্ত্রী।মতুয়া গোঁসাই সম্মেলনের মঞ্চ থেকে মতুয়া সমাজের উন্নয়নে একাধিক বড় ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্যে বিশেষ গুরুত্ব পায় নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে বর্তমানে প্রায় আড়াই লক্ষ সিএএ আবেদনকারী রয়েছেন। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তাঁদের শুনানি শেষ করে নাগরিকত্বের শংসাপত্র দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রায় ২৫ হাজার মানুষ সিএএ-র শংসাপত্র পেয়েছেন বলেও দাবি করেন তিনি। পাশাপাশি সিএএ শংসাপত্রপ্রাপ্ত তফসিলি জাতিভুক্ত মানুষদের এসসি সার্টিফিকেট পেতে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য মুখ্যসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। আগামী জানুয়ারিতে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া শুরু হলে সিএএ শংসাপত্রপ্রাপকদের ভোটার তালিকায় নাম তোলার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

