সরকার বদলের পর ‘KIFF’ এর লোগো বদল, বদলাল উদ্বোধনী অনুষ্ঠানের চেনা ভেন্যুও! আর কী কী চমক থাকছে?

নিজস্ব সংবাদদাতা, Todays Story : রাজ্যে সরকার বদলের পর এই প্রথম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)। আর প্রথমবারেই চমকের পর চমক! এক ধাক্কায় বদলে গেল চেনা ছক। নতুন লোগো, নতুন নেতৃত্ব, এমনকী বদলে গিয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের চেনা ভেন্যুও। তবে সব চেয়ে বড় চমক থাকছে অতিথি তালিকায়। উদ্বোধনী মঞ্চে এবার আক্ষরিক অর্থেই চাঁদের হাট। তিলোত্তমায় আসছেন রজনীকান্ত, প্রভাস, অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, অনুপম খের, পরেশ রাওয়াল, জনি লিভার, কঙ্গনা রানাওয়াতের মতো তারকারা। থাকছেন অনুরাগ বসু, মধুর ভাণ্ডারকরের মতো বিশিষ্ট পরিচালকেরাও।রবিবার এক জমকালো লোগো লঞ্চ অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩২ তম কিফ-এর আনুষ্ঠানিক ঘোষণা হল। এবারের চলচ্চিত্র উৎসবের রাশ থাকছে একেবারে হেভিওয়েটদের হাতে। কিফ-এর চেয়ারপার্সনের দায়িত্বে রয়েছেন খোদ ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। উৎসবের মুখ্য উপদেষ্টা হিসেবে রয়েছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। রবিবারের তারকাপ্রভ অনুষ্ঠানে প্রসেনজিৎ ও মিঠুনের সঙ্গে উপস্থিত ছিলেন জিৎ, হিরণ চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ। এছাড়াও ছিলেন ডক্টর সৌমিত্র মোহন, নন্দনের সিইও এবং কিফ ডিরেক্টর শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *