
নিজস্ব সংবাদদাতা, Todays Story : নারীশিক্ষায় জোর দেওয়া ও ছাত্রীদের উন্নত জীবনবোধ ও দর্শন তৈরি বরাবর এই স্কুলের লক্ষ্য। সময়ের সঙ্গে কলকাতা ও আশপাশে একাধিক ইংরাজি মাধ্যম স্কুল প্রতিষ্ঠা হয়েছে। তবে লরেটো স্কুলের মান ও পঠনপাঠন একই স্তরে রয়েছে বলেই মত ওয়াকিবহাল মহলের। সেই ধারাকে অক্ষুন্ন রেখে এবার ছাত্রদেরও স্কুলে একই সঙ্গে পড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কোন ক্লাস থেকে ছাত্ররা ভর্তি হতে পারবে এই স্কুলে? কবে থেকে কার্যকর হচ্ছে এই নিয়ম?লরেটো এডুকেশনের ডিরেক্টর নন্দিনী ভট্টাচার্য জানান, স্কুলের অধ্যক্ষ সিস্টার বৈশাখী মণ্ডল গত এক বছর ধরে এই বিষয়টি নিয়ে সমীক্ষা করেছেন। অভিভাবক, শিক্ষক, শিক্ষাকর্মী, সবার সঙ্গে কথা বলেছেন। তারপরই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। আধুনিক সময়ের দাবি মেনে এবং লিঙ্গসাম্য বজায় রেখে শিক্ষার সুযোগ সকলের কাছে পৌঁছে দিতেই এই বিশেষ পদক্ষেপ। স্কুল সূত্রের খবর, হঠাৎ করে নয়, অনেক ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নন্দিনীর পর্যবেক্ষণ, ‘‘লরেটোর মেয়েদের নীতি শিক্ষার উপর অত্যন্ত জোর দেওয়া হয়। আমরা চাই বর্তমান সময়ের প্রেক্ষিতে ছেলেদের মধ্যেও ‘মরাল ভ্যালুস’ ষোলআনা থাকুক।’’

