
নিজস্ব সংবাদদাতা, Todays Story : বাজার করে সাইকেলে বাড়ি ফেরার পথে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক হোমিয়োপ্যাথি চিকিৎসকের। মৃতের নাম সুকুমার দাস। বৃহস্পতিবার কল্যাণী রোড ও নিমতা রোডের সংযোগস্থলে শ্রীদুর্গাপল্লির কাছে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে জড়ো হয়ে মৃতদেহ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি ডাম্পার মুড়াগাছা থেকে এমবি রোডের দিকে যাচ্ছিল। সেই সময়েই কল্যাণী রোডে শ্রীদুর্গাপল্লির কাছে সাইকেলে বাড়ি ফিরছিলেন সুকুমার। অভিযোগ, ডাম্পারটি তাঁকে সজোরে ধাক্কা মারে। ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই চিকিৎসকের। দুর্ঘটনার জেরে এলাকায় সাময়িক যানজটেরও সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। বিক্ষোভ চরম আকার ধারণ করলে পরিস্থিতি সামাল দিতে উত্তেজিত জনতাকে লাঠি উঁচিয়ে তাড়া করতেও দেখা যায় পুলিশকে। পরে মৃতদেহ উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

