📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: অন্নপূর্ণা যোজনার চতুর্থ কিস্তির টাকা নিয়েও ঘোষণা করেন শুভেন্দু। তাঁর দাবি, দেড় কোটিরও বেশি মহিলার অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা পাঠানো হয়েছে। বাকি যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টেও সারা দিন ধরে টাকা পৌঁছে যাবে। প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে দেওয়া হবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রসঙ্গও তাঁর কথায় উঠে আসে। মুখ্যমন্ত্রীবলেন, পশ্চিমবঙ্গে ৫০ লক্ষের বেশি নতুন বাড়ি তৈরির জন্য তালিকা প্রস্তুত করা হয়েছে। ওই বাড়িগুলির মালিকানা মহিলাদের নামে করার কথা জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, ‘‘এই সমস্ত বাড়ির মালিক মহিলারা হবেন। মহিলাদের নামে এগ্রিমেন্ট করা হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির মালিক আমরা মহিলাদেরই করব।’’
নারী ও কন্যাদের জন্য সরকারের অন্য উদ্যোগের কথাও তুলে ধরেন শুভেন্দু। তিনি বলেন, ‘‘অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন ৫ হাজার টাকা করে বাড়ানো হয়েছে। ১৪ অগস্ট ‘কন্যা রত্ন দিবস’-এ মেয়েদের অ্যাকাউন্টে ১ হাজার টাকা করে দেওয়া হয়েছে। আগামী বছর সেই অর্থ বাড়িয়ে ২ হাজার টাকা করা হবে।’’ বাল্যবিবাহ রোধ নিয়ে তাঁর বার্তা, ‘‘১৮ বছরের আগে কোনও বালিকাকে বিবাহ দিতে দেব না।’’ উচ্চমাধ্যমিকের পর মেয়েদের পড়াশোনা চালিয়ে যেতে স্নাতকস্তরে তিন বছরে মোট ৫০ হাজার টাকা দেওয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে মহিলাদের নিরাপত্তা নিয়ে তাঁর বার্তা, ‘‘একটা মা-বোনের উপর অত্যাচার হলে আমরা ছাড়ব না।’’

