📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বিচারপতি বাগচী রায়ের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, ‘‘আমরা ভিডিয়ো রেকর্ড করা এবং তা আপলোড করা বন্ধ করতে বলছি। কোনও সরাসরি সম্প্রচার বা অডিয়ো-ভিজ়ুয়াল প্রচার করতে হলে তা অনুমতিসাপেক্ষে করতে হবে। সরাসরি সম্প্রচারও নিয়ন্ত্রণ করা প্রয়োজন। কোনও পক্ষ দেখতে চাইলে, তবেই এগুলি দেখানো হবে। না হলে নয়। আদালত ২৪ ঘণ্টার বিনোদনের চ্যানেল হতে পারে না।’’
আদালতের ভিতরের অডিয়ো বা ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতাও। জানিয়েছেন, ফেসবুক এবং ইনস্টাগ্রাম এই ধরনের ভিডিয়োয় ভরে গিয়েছে। আইনজীবীরা কী ভাবে সওয়াল করছেন, তা-ও দেখানো হচ্ছে। তা শুনে বিচারপতি বাগচীর মন্তব্য, ‘‘ঝুলি থেকে বাঘ বেরিয়ে গিয়েছে। এখন আমরা আর তাকে নিয়ন্ত্রণ করতে পারব না।’’
আদালতে যে সমস্ত মামলার শুনানি ভার্চুয়াল মাধ্যমে হয়, সেখানেও রাশ টানার কথা বলেছেন বিচারপতি। অভিযোগ, ওই সমস্ত ভার্চুয়াল শুনানির লিঙ্ক যথেচ্ছ ভাবে ছড়িয়ে দেওয়া হয়। তা অভিপ্রেত নয়। এ বিষয়ে মেটা, এক্স এবং অন্যান্য সমাজমাধ্যমের প্ল্যাটফর্মকেও নোটিস দিয়েছে আদালত।

