বড় পর্দায় মুক্তি চৈতী ঘোষাল পরিচালিত ‘NEVERMIND’-এর , সিনেমা জুড়ে লুকিয়ে কোন রহস্য?

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ৩ জুলাই মুক্তি পেল চৈতী ঘোষাল পরিচালিত প্রথম ছবি ‘Nevermind’। অভিনেত্রী থেকে পরিচালনায় এবার হাতে খড়ি চৈতীর এই সিনেমার মাধ্যমে। সঙ্গে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। একদিকে প্রযোজনা, অন্যদিকে অভিনয়ও করেছেন এই সিনেমায়। ছবিটির পোস্টার ও টিজার আগেই দর্শকদের নজর কেড়েছিল, তবে ট্রেলার মুক্তি পেতেই সিনেমাটিকে ঘিরে রহস্যের পারদ যেন আরও চড়েছে। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন টলিউডের ঋতুপর্ণা সেনগুপ্ত এবং চৈতি ঘোষালের পুত্র অমর্ত্য রায়।

NEVERMIND – এ রাতের অন্ধকারের এক রহস্যময় পরিবেশ এই সিনেমাকে আরও আকর্ষণীয় করে তুলেছে দর্শকদের কাছে। ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত চরিত্রের নাম ‘তৃণা লাহিড়ী’, যিনি কোনও এক অজানা সত্য বা বিষয়ের সন্ধানে এসে পৌঁছয় ‘নেভারমাইন্ড’ নামের একটি বারে। সেখানেই তার সঙ্গে হঠাৎ আলাপ হয় অমর্ত্য অভিনীত চরিত্র ‘জুড’-এর সঙ্গে। তবে এই আলাপ কি শুধুই একটি কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনও গভীর ষড়যন্ত্র বা অতীত ইতিহাস,  তা ট্রেলারে পুরোপুরি খোলসা না করা হলেও এক বড়সড় রহস্যের ইঙ্গিত দেওয়া হয়েছে।সিনেমার পরতে পরতে ছড়িয়ে রয়েছে রহস্য ও রোমাঞ্চ। গল্পে তৃণা একজন মা। কিন্তু সে কি তার নিজের নিখোঁজ ছেলের সন্ধানেই ঘর ছেড়ে বাইরে বেরিয়েছে, নাকি অন্য কোনও জটিল কারণে তার এই পথচলা- তা নিয়ে দর্শকদের মনে কৌতূহল দানা বাঁধে। শেষ পর্যন্ত তৃণা ও জুডের জীবনের সমীকরণ কোথায় গিয়ে মিলবে, সেই সব প্রশ্নের উত্তর পেতে দেখতে হবে NEVERMIND।
এই ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্ত ও অমর্ত্য ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টলিউডের একঝাঁক পরিচিত মুখ। তাঁদের মধ্যে রয়েছেন শুভাশিস মুখোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত, অনুশা বিশ্বনাথন, কুশল চক্রবর্তী, পাপিয়া সেন, মিঠুন দেবনাথ এবং সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়।

সিনেমাটির টানটান চিত্রনাট্য লিখেছেন সম্রাট ও মিতালি ঘোষাল রুদ্র। ক্যামেরার দায়িত্বে রয়েছেন গোপী ভগৎ। ছবিটির আরও একটি অন্যতম বড় আকর্ষণ হল এর গান ও আবহসঙ্গীত, যার দায়িত্ব সামলেছেন রূপম ইসলাম।

সব মিলিয়ে মুক্তির পর হলমুখী দর্শকরা। চৈতী – ঋতু জুটি, ঋতু – অমর্ত্য জুটি যেন তাদের কাছে এক উপরি পাওনা। যে যার অভিনয়ে সেরা, আর গান নিয়ে তো কোনো কথাই হবে না। আর পরিচালক হিসেবে চৈতী ঘোষাল কেমন? সেই উত্তর মিলবে NEVERMIND দেখার পরই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *