📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভোর থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক কর্মসূচি, লাগাতার সফর, সভা, বৈঠক— এত কিছুর মধ্যেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মক্ষমতা বরাবরই আলোচনার বিষয়। বয়স ৭৫ ছুঁলেও তাঁর ফিটনেস তরুণ প্রজন্মকেও দশ গোল দিয়ে দিতে পারে। কোন ধরনের খাবার খেতে পছন্দ করেন দেশের প্রধানমন্ত্রী? সম্প্রতি তাঁর জন্য তৈরি হল ‘শক্তি ভোজ’। পানীয় থেকে স্টার্টার, মেন কোর্স থেকে মুখশুদ্ধি— সব মিলিয়ে পুষ্টিতে পরিপূর্ণ মেনু তৈরি করা হয়েছে। তার দায়িত্ব সামলেছেন তারকা রন্ধনশিল্পী লিউক কিউটিনহো। যাতে পুষ্টির পাশাপাশি স্বাদে বঞ্চিত না হন কেউ, তার খেয়াল রেখেছেন রন্ধনশিল্পী। তাঁর অনুরোধ, সাধারণেরাও যেন এমন খাবারই খান। সমাজমাধ্যমে পোস্ট করে ‘শক্তি ভোজ’-এর খুঁটিনাটি দিলেন তিনি।
কী কী আছে সেই ভোজে?
মূলত ৮টি পদ বানানো হয়েছে। সঙ্গে পানীয়, আচার এবং মুখশুদ্ধিও রাখা হয়েছে খাবারের স্বাদ বাড়ানোর জন্য। দেখে নিন তালিকা।
পানীয়: খাবার পর্যন্ত পৌঁছোনোর আগেই গরমের মরসুমকে মাথায় রেখে দু’রকমের পানীয় তৈরি করা হয়েছে। প্রথমটি আমপান্না, দ্বিতীয়টি তুলসির বীজ দিয়ে তৈরি পুদিনা ও জলজিরার শরবত।
স্টার্টার: প্রথম পাতে ধনে ও পনিরের খাণ্ডবি রাখা হয়েছে। টাটকা ধনে, পনির ও তিলের স্বাদে ভরপুর। মুখে দিলেই গলে যাওয়ার মতো অনুভূতি হয়। বেসনের ভাপে তৈরি সেদ্ধ এই রোল স্বাস্থ্যকর এবং সুস্বাদুও।
স্যালাড: হালকা ফোড়ন দিয়ে বানানো হয়েছে এই স্যালাড। তাতে রয়েছে কাঁচা পেঁপে এবং গাজর।
আচার: দু’টি আচারের আয়োজন হয়েছে এই ভোজে। সর্ষেদানা দিয়ে তৈরি চিনেবাদামের আচারে ঝাঁজ ও টকের অপূর্ব মেলবন্ধন হয়েছে। দ্বিতীয়টি বানানো হয়েছে হলুদ ও আদা দিয়ে। এতে কোনও তেল নেই।

