আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি! ৬০ কিলোমিটার গতিতে কলকাতায় ঝড়, দক্ষিণবঙ্গের ছয় জেলায় দুর্যোগের লাল সতর্কতা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার সকাল থেকেই ছিল আকাশের মুখ ভার। সেই সঙ্গে ছিল অস্বস্তিকর ভ্যাপসা গরম। দুপুর গড়াতেই আকাশ কালো করে শহরে শুরু হল বৃষ্টি। সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়। কলকাতার বেশির ভাগ এলাকায় শুরু হয়েছে ঝেঁপে বৃষ্টি। হাওড়া, হুগলিতেও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ঝড়বৃষ্টি। দক্ষিণবঙ্গের ছ’টি জেলায় দুর্যোগের জন্য ইতিমধ্যে লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিতে ঝড়ের পূর্বাভাস রয়েছে।
দুপুর ২টোর কিছু পরে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ঝড়বৃষ্টি শুরুর পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। জারি করেছিল হলুদ সতর্কতা। সেই মতো কলকাতায় শুরু হয়েছে ঝড়বৃষ্টি। সল্টলেক থেকে ধর্মতলা, যাদবপুর থেকে বরাহনগর— আকাশ কালো করে নেমেছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। দিনদুপুরে এতটাই অন্ধকার হয়েছে যে, হেডলাইট জ্বালিয়ে রাস্তায় গাড়ি চালাতে হচ্ছে। ইতিমধ্যে রাস্তায় বেশ কয়েকটি গাছ উপড়ে পড়ে গিয়েছে। ময়দানের কাছে একটি গাছ ভেঙে রাস্তায় পড়ার কারণে গাড়ি চলাচল কিছুটা বিঘ্নিত হয়েছে। ঝড়ের দাপটে বেশ কয়েকটি হোর্ডিং, পোস্টার ছিঁড়ে পড়েছে। ইতিমধ্যে উত্তর ও মধ্য কলকাতার কিছু এলাকায় জল জমেছে। চাঁদনি চক, ঠনঠনিয়ার রাস্তায় জল জমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *