📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:এবার দুর্গামাসুরের বেশে ছোটপর্দায় সায়নদীপ নন্দ। প্রকাশ্যে এল অভিনেতার প্রথম লুক। টেলি দুর্গার ইউটিউব চ্যানেলে আসন্ন বিশেষ আয়োজন ‘মহিষাসুরমর্দ্দিনী শ্রীদুর্গা’-য় দুর্গামাসুরের চরিত্রে দেখা যাবে সায়নদীপকে। অন্যদিকে মা দুর্গার ভূমিকায় অভিনয় করছেন সকলের প্রিয় অভিনেত্রী এবং ‘ফুলকি’ ধারাবাহিকের নায়িকা দিব্যাণী মণ্ডল। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে দিব্যাণীর দুর্গা লুক, যা নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।
বর্তমান থিয়েটার ও অভিনয় জগতে তুলনামূলকভাবে নতুন মুখ সায়নদীপ নন্দ। যদিও ক্যামেরার সামনে তাঁর আত্মপ্রকাশ সাম্প্রতিক, দীর্ঘদিন ধরেই থিয়েটারের সঙ্গে যুক্ত তিনি। বর্তমানে স্বনামধন্য থিয়েটার নির্দেশক ও আধুনিক অভিনয় প্রশিক্ষক দেবাশিস রায়ের সান্নিধ্যে প্রায় নয় মাস ধরে অভিনয়ের প্রশিক্ষণ নিচ্ছেন সায়নদীপ। তাঁর নির্দেশনায় তৈরি নাটক ‘আনন্দমঠ’-এ বর্তমানে জ্ঞানানন্দের চরিত্রেও অভিনয় করছেন তিনি। এছাড়াও “ দাদুর নাটক “, “ভিটামিন এম”, “ গৌরের কবচ “ এর মতো সফল নাটকগুলিতে নানা চরিত্রে অভিনয় করতে দেখা গেছে।
ক্যামেরার সামনে গত বছর আত্মপ্রকাশ করেন সায়নদীপ। আর সেই থেকেই ধীরে ধীরে ছোটপর্দা ও ডিজিটাল মাধ্যমে নিজের অভিনয়ের পরিসর তৈরি করছেন এই অভিনেতা। টেলি দুর্গার সঙ্গে এটি তাঁর দ্বিতীয় কাজ। গত বছর শ্বেতা ভট্টাচার্যের বিপরীতে মহিষাসুরের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। সেই অভিনয় সোশ্যাল মিডিয়ায় দর্শকদের কাছ থেকে যথেষ্ট প্রশংসাও পেয়েছিল।
এবার অবশ্য চরিত্র একেবারেই অন্যরকম। দুর্গামাসুর- পুরাণের পরিচিত অসুর চরিত্রের বাইরেও এবারের উপস্থাপনায় থাকছে একাধিক চমক। ফলে মহালয়ার এই বিশেষ আয়োজনে সায়নদীপের অভিনয় কতটা নতুন মাত্রা যোগ করে, তা দেখার জন্য ইতিমধ্যেই তৈরি হয়েছে প্রত্যাশা।
টেলি দুর্গা প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে এ বছরও আসছে ‘মহিষাসুরমর্দ্দিনী শ্রীদুর্গা’। তনুজ বিশ্বাস, শ্রেয়ান বিশ্বাস, ঋজু মিত্র এবং অঞ্জিষ্ণু সামন্তের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি এই অনুষ্ঠানের মূল ভাবনা দেবী দুর্গার মাতৃরূপকে সামনে নিয়ে আসা।
শ্রীমা সারদা দেবী বলেছিলেন- ‘আমি সতেরও মা, অসতেরও মা।’ সেই ভাবনাকেই কেন্দ্র করে এবারের আয়োজনে তুলে ধরা হবে দেবী দুর্গার এক অন্য রূপ। এখানে শুধু দেবতা বা মানুষের নয়, অসুরেরও মা হয়ে ওঠেন দেবী। অর্থাৎ দুর্গার সঙ্গে অসুরের সম্পর্ককে কেবল যুদ্ধ ও বধের মধ্যে সীমাবদ্ধ না রেখে মাতৃত্বের বৃহত্তর ভাবনায় দেখার চেষ্টা করা হয়েছে।
এই আয়োজনের লক্ষ্য তাই শুধুমাত্র দেবীর যুদ্ধ কিংবা অসুরবধের গল্প বলা নয়; বরং তার বাইরেও দেবী দুর্গার অস্তিত্ব ও শক্তিকে নতুনভাবে উপলব্ধি করা।দুর্গাপুজোর সঙ্গে যেমন জড়িয়ে রয়েছে দেবী আরাধনা, তেমনই জড়িয়ে রয়েছে প্রকৃতি পুজো। বেলগাছে দেবীর বোধন থেকে শুরু করে নবপত্রিকা স্নান- সবকিছুই যেন মনে করিয়ে দেয়, এই বিশ্বপ্রকৃতির মধ্যেই দেবীর অবস্থান। প্রকৃতির প্রতিটি উপাদানের মধ্যেই সেই এক শক্তির প্রকাশ। পুরাণেও দেবীর এমন মাতৃরূপের উল্লেখ পাওয়া যায়। দুর্ভিক্ষের সময় সন্তানদের শাক খাইয়ে বাঁচিয়ে রেখেছিলেন দেবী- সেই ভাবনাও এবারের আয়োজনে বিশেষ গুরুত্ব পাচ্ছে। মাতৃত্ব, প্রকৃতি এবং শক্তির এই মিলিত ভাবনাকে কেন্দ্র করেই টেলি দুর্গার এবারের শারদ আয়োজন। আর তারই মাঝে দুর্গামাসুর চরিত্রে সায়নদীপ নন্দের উপস্থিতি যোগ করছে নতুন এক আকর্ষণ।
অভিনয়ের জগতে পথচলা এখনও দীর্ঘ হওয়া বাকি। তবে থিয়েটারের মঞ্চ থেকে ক্যামেরার সামনে-ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করছেন সায়নদীপ। সামনে আরও বেশ কিছু কাজ নিয়ে কথাবার্তা চলছে বলেও জানা যাচ্ছে। এবার মহালয়ার পর্দায় দুর্গামাসুর হিসেবে তাঁর নতুন অবতার দর্শকদের কতটা চমকে দেয়, সেই অপেক্ষাই।

