‘২০ জুনই পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস’! শ্যামাপ্রসাদের বাড়িতে এসে ইতিহাস শোনালেন মুখ্যমন্ত্রী, মমতার জোট-বার্তা নিয়ে খোঁচা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস নিয়ে পূর্বতন তৃণমূল সরকারের সঙ্গে প্রায়ই সংঘাতে জড়িয়েছিল রাজ্যের বর্তমান শাসকদল বিজেপি। ২০২৩ সালে বিধানসভায় প্রস্তাব পাশ করিয়ে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসাবে চিহ্নিত করেছিল তৎকালীন মমতার সরকার। বিজেপি প্রশ্ন তুলেছিল, কেন ২০ জুনকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসাবে মান্যতা দেওয়া হবে না? মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর সেই একই প্রসঙ্গ তুললেন শুভেন্দু। তাঁর কথায়, ‘‘১৯৪৭ সালের ২০ জুন, যদি পশ্চিমবঙ্গ ভারতে যুক্ত না হত, তবে আজ আমরা এখানে দাঁড়াতে পারতাম না।’’

পশ্চিমবঙ্গকে ভারতের মানচিত্রে যোগ করার নেপথ্যে শ্যামাপ্রসাদের ভূমিকার কথা তুলে ধরেন শুভেন্দু। তিনি বলেন, ‘‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দের লড়াইয়ের জন্য এটা সম্ভব হয়েছে। আইনসভাতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়-সহ ৫৮ জন ভোট দিয়ে পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্ত করেছিলেন। আর এটা যদি না-হত তা হলে আমরা কেউ এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। আমাদের অবস্থা বাংলাদেশে থাকা সে দেশের সংখ্যালঘুদের মতো হত। একটা সময়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কংগ্রেস নেতাদের বলেছিলেন, তোমরা দেশভাগ করলে আর আমি পাকিস্তানকে ভাগ করলাম।’’