📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: এবার পাণ্ডবেশ্বরে পঞ্চপান্ডব জল প্রকল্প! পান্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর ইস্তেহার প্রকাশের দিনই এই প্রকল্পের ঘোষণা করলেন তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। শুক্রবার বৈদ্যনাথপুরে দলীয় সভায় জিতেন বলেন, “পাণ্ডবেশ্বরে পানীয় জলের আকাল রয়েছে। আমি জিতে আসলে পঞ্চ পান্ডব জল প্রকল্প তৈরি করবো অজয় নদকে কেন্দ্র করেই। আগামী ২০ বছর যাতে মানুষ ১২ ঘণ্টা অন্তর জল পান সেই ব্যবস্থা করব এখানেই। সারা রাজ্যে দুই থেকে তিনজন এই প্রকল্প নিয়ে জানেন। আমি এর আগে জামুড়িয়া, রানিগঞ্জ সহ একাধিক এলাকায় এইভাবে জল সমস্যার সমাধান করেছি। এখানে ৪৫০ কোটি টাকা খরচ হবে। দল অনুমোদন দিয়ে দিয়েছে।”
পাল্টা তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “বহুদিন আগে থেকেই ওখানে জল প্রকল্প আছে। মানুষ জল পাচ্ছে। উনি অন্যের গ্লাসে জল খান। উদ্ধত্বের প্রকাশ এটা। পান্ডবেশ্বর নিয়ে কিছু জানেনা বলেই এই প্রতিশ্রুতি দিয়ে দিয়েছেন।”
পাণ্ডবেশ্বরে ‘পঞ্চপাণ্ডব জলপ্রকল্প’-র ঘোষণা জিতেনের

