মুসলিম অনুপ্রবেশকারীরা যে রাস্তা দিয়ে ঢুকেছে, সেই রাস্তা দিয়ে তাড়াতে হবে, খুঁজে বার করুন! পুলিশ সুপারকে নির্দেশ শুভেন্দুর

নিজস্ব সংবাদদাতা, Todays Story : বাংলাদেশ থেকে অবৈধ ভাবে রাজ্যে ঢোকা বাংলাদেশি মুসলমানদের খুঁজে খুঁজে বার করতে হবে। কোচবিহারের জেলা পুলিশ সুপার মণীশ জোশীকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি, মহিলাসুরক্ষা নিয়ে পুলিশকে যথাযথ পদক্ষেপ করতে বলেন মুখ্যমন্ত্রী।বুধবার রাসমেলা উপলক্ষে কোচবিহার সফরে যান শুভেন্দু। মুখ্যমন্ত্রীর সঙ্গে গৌরীমেলার উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের বেশ কয়েক জন মন্ত্রী এবং বিজেপি বিধায়ক উপস্থিত ছিলেন। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা যাতে সর্বস্তরে পৌঁছোয়, তা দেখার জন্য তাঁদের দায়িত্ব দেন শুভেন্দু। কোচবিহারের ‘গ্রামকে নগর এবং নগরকে মহানগর’ করার লক্ষ্য নিয়ে তাঁর সরকার এগোবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তার পর ওই জেলার সীমান্ত এলাকার সুরক্ষার স্বার্থে বিএসএফের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও নিবিড় করার নির্দেশ দেন। তিনি জানান, মুসলমান অনুপ্রবেশকারীদের এ রাজ্যে স্থান নেই। তাঁদের নিজেদের দেশে ফিরতেই হবে। তবে হিন্দু ধর্মাবলম্বী যাঁরা ও পার থেকে এসেছেন, তাঁরা অনুপ্রবেশকারী নন, শরণার্থী। আইপিএস জোশীর উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘পুলিশ সুপার শুনে রাখুন, এই জেলাতে বাংলাদেশ থেকে অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বার করতে হবে। যে রাস্তা দিয়ে এসেছে, সেই রাস্তা দিয়ে বার করতে হবে। তাড়াতে হবে। যে হিন্দুরা এসেছেন, তাঁরা অনুপ্রবেশকারী নন। তাঁরা শরণার্থী। তাঁরা ধর্ম এবং প্রাণ বাঁচানোর জন্য এসেছেন। তাঁদের আশ্রয় দিতে হবে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *