📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মঙ্গলবার কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠক ছিল। এপিজে আব্দুল কালাম প্রেক্ষাগৃহে উত্তর ২৪ পরগনা, নদিয়া ও হুগলি জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক ছিল। সেই বৈঠক সেরে বেরিয়ে শুভেন্দু সাংবাদিকদের জানান, ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পকে ‘অন্নপূর্ণা ভান্ডার’-এ এবং ‘স্বাস্থ্য সাথী’কে ‘আয়ুষ্মান ভারত’-এ রূপান্তরিত করার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই নতুন প্রকল্পের আর্থিক সুবিধা পেতে গেলে উপভোক্তাদের একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে, যা বুধবারই নবান্ন থেকে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হবে।বলেন, ‘‘বুধবার ইমেলে নবান্ন থেকে সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী, মুখ্যসচিব, অর্থসচিব এবং অন্যান্য আধিকারিকের উপস্থিতিতে অগ্নিমিত্রা পাল এবং আমি একটি ফর্ম প্রকাশ করব। সেই ফর্ম অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে পূরণ করতে হবে।’’
শুভেন্দু আরও বলেন, ‘‘এই বিষয়ে বুধবারই বিস্তারিত জানানো হবে। নথিভুক্তকরণ যত তাড়াতাড়ি করবেন, তত দ্রুত সুবিধা আমরা দিতে পারব।” প্রশাসন সূত্রে খবর, আগামী ১ জুন থেকেই এই নতুন প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। তবে ফর্ম পূরণের প্রক্রিয়া ও যাচাইকরণ চলাকালীন সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয়, সেই বিষয়টিও নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়েছেন, উপভোক্তাদের অ্যাকাউন্টে যত দিন না অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা দেওয়া শুরু হচ্ছে, তত দিন পর্যন্ত পুরনো ‘লক্ষ্মীর ভান্ডার’-এর টাকা নিয়ম মেনেই পাবেন তাঁরা।

