
নিজস্ব সংবাদদাতা, Todays Story : নিউটাউনে শুরু হলো রাজ্য হস্তশিল্প মেলা ২০২৬-২৭। আকভানের পূর্বাভাসে যখন চারিদিকে চলছে বিপর্যয় মোকাবিলা প্রস্তুতি, বঙ্গেও চলছে ঝড় – বৃষ্টির দাপট ঠিক এমন মুহূর্তে নির্ধারিত দিনেই সূচনা হল রাজ্য হস্তশিল্প মেলার। এবার প্রায় ৫৫০০ শিল্পীর অংশগ্রহণের কথা জানা যাচ্ছ। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের (MSME&T) উদ্যোগে কলকাতার নিউটাউনস্থিত সিটি স্কোয়ার গ্রাউন্ডে (সেন্ট্রাল মলের বিপরীতে) শুরু হলো ‘রাজ্য হস্তশিল্প মেলা ২০২৬-২৭’। ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ১৩ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত। প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত মেলা প্রাঙ্গণ দর্শকদের জন্য খোলা থাকবে।

১৯ নভেম্বর বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন রাজ্যের শিল্প, বাণিজ্য ও উদ্যোগ, রাষ্ট্রায়ত্ত উদ্যোগ ও শিল্প পুনর্গঠন এবং অপ্রচলিত ও পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস দপ্তরের মন্ত্রী তাপস রায়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় শিক্ষা, আবাসন এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ ও বস্ত্র দপ্তরের মন্ত্রী দীপক বর্মন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবকল্যাণ ও ক্রীড়া এবং উপভোক্তা বিষয়ক দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিপণন এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ ও বস্ত্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী অশোক দিন্দা। এছাড়াও সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক বিজয় ওঝা, বিধায়ক সজল ঘোষ এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ ও বস্ত্র দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব শ্রী অনুপ কুমার আগরওয়াল (IAS)। বিশিষ্টজনদের মধ্যে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অল বেঙ্গল প্রিন্সিপালস কাউন্সিলের সভাপতি এবং অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের প্রান্ত প্রমুখ ডঃ পঙ্কজ কুমার রায়।

মেলার বিশেষ আকর্ষণ ও প্যাভিলিয়নরাজ্যের বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী ও সমসাময়িক হস্তশিল্পের সম্ভার নিয়ে এই মেলায় প্রায় ৫৫০০ জন হস্তশিল্পী অংশগ্রহণ করছেন। প্রতিটি জেলার শিল্পীদের জন্য পৃথক প্যাভিলিয়নের ব্যবস্থা করা হয়েছে এবং প্রতিটি জেলা প্যাভিলিয়নের নামকরণ করা হয়েছে সংশ্লিষ্ট জেলার ওপর দিয়ে প্রবাহিত একটি গুরুত্বপূর্ণ নদীর নামে।

হস্তশিল্পীদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার বার্ধক্য ভাতা প্রকল্প, দক্ষতা ও নকশা উন্নয়ন কর্মশালা, যাতায়াত ও পরিবহণ ভাতা, এবং ওডিপি (ODOP), ওএনডিসি (ONDC) ও জিআই (GI) ট্যাগের মাধ্যমে বাজার সংযোগের মতো একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে।গত ২০২৫-২৬ অর্থবর্ষে নিউটাউনের এই মেলায় ৫,৫৭৫ জন শিল্পী অংশ নিয়েছিলেন এবং মোট বিক্রির পরিমাণ ছিল ৭৬.১৮ কোটি টাকা।

পাশাপাশি, গত অর্থবর্ষে রাজ্য ও জাতীয় স্তরের বিভিন্ন মেলায় মোট ৮,৫৩২ জন শিল্পী অংশগ্রহণ করে ১০০.৬৮ কোটি টাকার ব্যবসা করেছিলেন। চলতি ২০২৬-২৭ অর্থবর্ষে ইতিমধ্যেই দিল্লির বাণিজ্য মেলা (IITF), আমেদাবাদ, চণ্ডীগড় ও কলকাতার বিভিন্ন মেলায় ১,২০০ জন শিল্পী অংশ নিয়ে ১১.৫৪ কোটি টাকার সরাসরি বিক্রি ও অর্ডার পেয়েছেন। আগামী দিনগুলোতে কলকাতা ছাড়াও জলপাইগুড়ি, শিলিগুড়ি, তমলুক ও নদীয়ায় রাজ্য হস্তশিল্প মেলা এবং বিভিন্ন ‘পশ্চিমবঙ্গ শিল্পী হাটে’ আরও ১৫টি মেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে প্রায় ১০,০০০ শিল্পীর অংশগ্রহণের মাধ্যমে ১১০ কোটি টাকার বিক্রির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।

