দ্বিতীয় দফার ভোটের দিন রাজ্য জুড়ে বৃষ্টি এবং কলকাতায় ঝড়েরও পূর্বাভাস

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: হাঁসফাঁস গরম আর অস্বস্তি দক্ষিণবঙ্গ জুড়ে। রোদ পড়লেও স্বস্তি নেই। সপ্তাহান্তে এই প্যাচপেচে গরম থেকে মিলবে রেহাই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে আছড়ে পড়বে কালবৈশাখী। কোথাও কোথাও ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড়ের সতর্কতা রয়েছে। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝড়ের কারণে কমবে তাপমাত্রা। উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি আপাতত চলবে।
শনিবার থেকেই দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত ভাবে কালবৈশাখী শুরু হবে। তবে পশ্চিমের কয়েক জেলায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার জন্যও সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঝড়বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। হালকা বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে আবার তীব্র গরমের সতর্কতাও জারি করা হয়েছে।

রবিবার থেকে বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। রবিবার উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেখানে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড়ের পূর্বাভাস রয়েছে। কলকাতা-সব বাকি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। আগামী বুধবার দক্ষিণবঙ্গের ১৪২টি আসনে ভোট। ওই দিনও কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সতর্কতা। তবে জেলার সব জায়গায় ঝড়বৃষ্টি হবে না। সমুদ্রে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইতে পারে। সে কারণে আগামী রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *