📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রাজ্য স্কুলশিক্ষা দফতরের তরফে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা বোর্ড এবং কেন্দ্রীয় বোর্ডের (সিবিএসই এবং আইসিএসই) পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের জন্য সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। গত ৮ মে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। আর উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে গত ১৪ মে। উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পরেই প্রথম স্থানাধিকারী আদৃত পালের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। তখনই তিনি জানিয়েছিলেন, কৃতীদের সংবর্ধনা দেবেন। সোমবার ধনধান্য অডিটোরিয়ামে কৃতী পরীক্ষার্থীদের কাছে স্বামী বিবেকানন্দের বাণী উদ্ধৃত করে প্রকৃত শিক্ষা আহরণের মাধ্যমে স্বাবলম্বী হয়ে ওঠার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।
ঘটনাচক্রে, সোমবারই রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল ঘোষণা করেছেন, তথ্য ও সংস্কৃতি দফতর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনস্ত ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্প বন্ধ হবে। তার কয়েক ঘণ্টার মধ্যেই সেই প্রসঙ্গ উত্থাপন করে সংবর্ধনা সভায় শুভেন্দু বলেন, ‘‘আমরা এ বার ‘বিবেকানন্দ মেরিটস স্কলারশিপ যোজনা’ চালু করব।’’ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাবনা অনুসরণ করে ‘নারীশিক্ষায় বিশেষ অগ্রাধিকার’, দেশের প্রথম শিক্ষামন্ত্রী সর্বপল্লী রাধাকৃষ্ণণের ‘শিক্ষার মার্গদর্শন’ সংক্রান্ত প্রসঙ্গও এসেছে তাঁর বক্তৃতায়। কৃতী পড়ুয়াদের কাছে তাঁর আবেদন, ‘‘মাঝে মাঝে স্মার্টফোনে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এজিজে আব্দুল কালামের বক্তৃতা এবং আলাপচারিতাগুলি শুনুন।’’ রাজ্যের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলির উদ্দেশ্যে তাঁর বার্তা— ‘‘অর্থ গ্রহণের ক্ষেত্রে এমন করবে না যাতে সাধারণ পরিবারগুলির অসুবিধা হয়। সরকার বিব্রত হয়।’’ পড়ুয়াদের মূল্যায়নের ক্ষেত্রে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে আরও যত্নবান হওয়ারও পরামর্শ দেন তিনি।

