
নিজস্ব সংবাদদাতা, Todays Story : নাটাবাড়ির ক্লাবের দিকে আঙুলভাসানে তারস্বরে ডিজে বাজছিল। শব্দ কমাতে বলেছিলেন এক যুবক। অভিযোগ, সেই ‘অপরাধে’ লাঠি-বাটাম দিয়ে পেটানো হয় যুবককে। ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রহৃত হন মা। অভিযোগ, প্রৌঢ়ার চুলির মুঠি ধরে বিবস্ত্র করে পেটানো হয়। স্বামী এবং শাশুড়িকে রক্ষা করতে গিয়ে পেটে লাথি খান পাঁচ মাসের অন্তঃসত্ত্বা!অভিযোগকারী প্রসেনজিৎ রায় থানায় লিখিত অভিযোগে জানিয়েছেন, তাঁর বাবার টিউমার হয়েছিল। সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে। গুরুতর অসুস্থ। এখন বাড়িতে আছেন। তা ছাড়়া তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা। অন্য দিকে, কালীপুজো শেষ হওয়ার দু’সপ্তাহ কেটে গেলেও বাড়ির সামনে ক্লাবের ডিজে বন্ধের নাম নেই। এ নিয়ে গত ১৫ নভেম্বর সন্ধ্যায় তিনি প্রতিবাদ করেন। শব্দ কমেনি। তখন তিনি নিজে গিয়ে ডিজে বন্ধ করে দিয়েছিলেন। তার জেরে তাঁকে, তাঁর মা এবং স্ত্রীকে বেধড়ক মারধর করেন স্থানীয় ক্লাবের কয়েক জন সদস্যেরা। প্রসেনজিৎ অভিযুক্তদের নাম জানিয়েছেন পুলিশকে। তুফানগঞ্জ থানায় অভিযোগ দায়েরের পর কয়েক দিন কেটে গিয়েছে। কিন্তু এখনও পুলিশি পদক্ষেপের কোনও খবর পাননি বলে দাবি নাটাবাড়ির যুবকের।প্রসেনজিৎ বলেন, ‘‘আমাকে রাস্তায় আটকে মারধর করেছে। আমার স্ত্রী বাধা দিতে গিয়েছিল ওদের। ও অন্তঃসত্ত্বা। ওর পেটে লাথি মারে। আমার মাকেও মারধর করা হয়।’’ তিনি জানান, তাঁকে এবং স্ত্রীকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে থেকে চিকিৎসা করাতে হয়েছে। তার পর তিনি তুফানগঞ্জ থানায় সাত জনের নামে লিখিত অভিযোগ করেছেন। পুলিশ গত বুধবার এলাকায় গিয়েছিল। কিন্তু ওই পর্যন্তই।

