📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সোমবারই রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম পর্ব শেষ হচ্ছে। আগামী ৭ জুলাই থেকে বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হবে। সেই সময় বিলটি আনা হবে কি না, তা ঠিক করবে আইন দফতর । বর্তমানে আইন দফতর রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে। নবান্ন সূত্রে খবর, সোমবার বিধানসভায় যেতে পারেন মুখ্যমন্ত্রী। অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিষয়ে একটি বিবৃতি দিতে পারেন তিনি। অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিষয়ে যে উচ্চপর্যায়ের ওই কমিটি গঠনের কথা হচ্ছে, তাতে কারা থাকবেন, তাঁদের কাজের পদ্ধতি কী হবে— তা এখনও স্পষ্ট নয়। অনুমান করা হচ্ছে, মুখ্যমন্ত্রীর বিবৃতিতে তা স্পষ্ট হতে পারে।
এ দিন বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধির বিল পেশ হবে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছিল গত বৃহস্পতিবার বিকেল থেকেই। ওই দিন বিধানসভা অধিবেশনের প্রথমার্ধে নিজের বক্তৃতায় অভিন্ন দেওয়ানি বিধি বিলের পক্ষে সওয়াল করেছিলেন শুভেন্দু। পরে রাতেও একটি দলীয় কর্মসূচিতে একই কথার পুনরাবৃত্তি করেন তিনি। সেই থেকেই জল্পনা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছিল। তবে শেষপর্যন্ত এই বিলটি সোমবার বিধানসভায় পেশ করা হচ্ছে না বলেই সূত্রের খবর।
কী কারণে সোমবার বিলটি পেশ করা হচ্ছে না, তা নিয়ে সরকারি মহল থেকে কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে মনে করা হচ্ছে, এমন একটি সংবেদনশীল বিষয়ের উপর বিল আনার ক্ষেত্রে অনেক বেশি সাবধানি থাকতে চাইছে সরকার। বিলে কোথাও কোনও ফাঁকফোকর রাখতে চাইছে না রাজ্যের বিজেপি সরকার। তাই সব দিক বিবেচনা করে এবং খতিয়ে দেখার পর এই বিলটি বিধানসভায় পেশ করার পথে এগোতে চায় সরকার।
উল্লেখ্য, অভিন্ন দেওয়ানি বিধি আনার আগে এই ধরনের কমিটি গঠনের নজির বিজেপিশাসিত অন্য রাজ্যগুলিতেও রয়েছে। এখনও পর্যন্ত তিনটি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছে— উত্তরাখণ্ড, গুজরাত এবং অসম। তিন রাজ্যেই খসড়া বিল প্রস্তুতির জন্য কমিটি গঠনের নজির রয়েছে।

