অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জেড প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা প্রত্যাহার! কড়া সিদ্ধান্ত নয়া সরকারের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রাজ্যে পালাবদলের ঠিক পরদিনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন ও অফিস থেকে জেড প্লাস ক্যাটাগরির অতিরিক্ত নিরাপত্তা হিসাবে সরিয়ে নেওয়া হয়েছিল কলকাতা পুলিশের স্ক্যানার ও মেটাল ডিটেক্টর। বাড়ির বাইরের স্থায়ী পুলিশ পোস্টও এখন কার্যত খাঁ-খাঁ করছে। এবার নবান্নে পা রেখেই আমলাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের রেশ কাটতে না কাটতেই সোমবার বিকেলেই একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল নতুন বিজেপি সরকার। আর এই নির্দেশের ফলে সরাসরি কোপ পড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশাল নিরাপত্তা বহরে।
নবান্ন সূত্রে খবর, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য বরাদ্দ ‘জেড প্লাস’ (Z+) ক্যাটাগরির নিরাপত্তা এবং বিশেষ পাইলট কারের সুবিধা প্রত্যাহার করে নেওয়া হল। সোমবার বিকেলে রাজ্যের সমস্ত জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে  বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, সেই বৈঠকে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, কোনও রাজনৈতিক নেতার ওপর যদি নির্দিষ্ট কোনো হামলার আশঙ্কা না থাকে, তবে অহেতুক করদাতার টাকা খরচ করে নিরাপত্তার বহর বাড়ানো হবে না। স্রেফ নিজের স্টেটাস দেখানোর জন্য সরকারি অর্থের অপচয় বরদাস্ত করা হবে না। এর ঠিক পরেই অভিষেকের জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ জারি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *