📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ২০২৪ সালের ডিসেম্বর মাস, দক্ষিণ হাওড়ার একঝাঁক ফুটবল প্রেমী, বিশেষত মোহনবাগান সমর্থকদের উদ্যোগে জন্ম নিয়েছিল ‘দক্ষিণ হাওড়া মেরিনার্স ক্লাব’। শুধুমাত্র গ্যালারিতে বসে প্রিয় দলের জন্য গলা ফাটানোই নয়, বরং খেলাধুলা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সহ নাগরিকদের পাশে থাকাই ছিল এই ক্লাবের মূল লক্ষ্য।

প্রতিষ্ঠার পর থেকেই ক্লাবটি তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলার আগ্রহ তৈরিতে সচেষ্ট। যুবভারতীর সবুজ ঘাসে প্রিয় ফুটবলারদের দাপিয়ে বেড়ানোর সাক্ষী থাকা, বহু ছাত্রের সেই স্বপ্নপূরণ করেছেন ক্লাব কর্তৃপক্ষ, মাঠে নিয়ে যাওয়া থেকে টিফিনের সুব্যবস্থা—সবই সাধুবাদ যোগ্য। সম্প্রতি ক্লাবের একটি ফুটবল টিমও তৈরি করা শুরু হয়েছে, যা আগামী দিনে প্রতিভার অন্বেষণে বিশেষ ভূমিকা রাখবে।
রোগাক্রান্ত হয়ে প্রতিকারের বদলে আগাম স্বাস্থ্যসচেতনতা, রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধি – এই দর্শনকে সামনে রেখেই দক্ষিণ হাওড়া মেরিনার্স আয়োজন করেছিলেন বিনামূল্যে স্বাস্থ্য শিবির। ২২ শে মার্চ, রবিবার, “কলেজ রোড সার্বজনীন দুর্গোৎসব” কমিটির সহযোগিতায় তাঁদের কার্যালয়ে এই অনুষ্ঠানটি পরিচালিত হয়। এই মহতী কর্মকাণ্ডের গুরুদায়িত্ব সামলেছেন শ্রী ডায়গনস্টিক ক্লিনিক।
২২শে মার্চ, UNO-র আন্তর্জাতিক জল দিবস। শরীর এবং প্রকৃতিকে সুস্থ রাখার অন্যতম প্রধান উপকরণ হলো বিশুদ্ধ জল। স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার জন্য উপস্থিত সকলকে একটি করে পানীয় জলের বোতল উপহার দেওয়া হল।
শিবিরে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রক্তের শর্করা, কোলেস্টেরল, ইউরিক অ্যাসিড পরীক্ষা, এছাড়া উচ্চ রক্তচাপজনিত সমস্যা শনাক্তকরণ, হৃদরোগের প্রাথমিক পরীক্ষা, চক্ষু পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনবাগানের কার্যকরী কমিটির সদস্য শ্রীযুক্ত কাশীনাথ দাস মহাশয়। বেশ কয়েকটি মোহনবাগান ফ্যান্স ক্লাবের কর্মকর্তা ও সভ্যদের উজ্জ্বল উপস্থিতিতে এই অনুষ্ঠানটি সাফল্য লাভ করেছে।সামাজিক দায়বদ্ধতা পালনের ক্ষেত্রে আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে যে অঙ্কুরোদগম হল, আগামী দিনে তা আরও ব্যাপকভাবে সমাজের বিভিন্নভাবে ইতিবাচক পরিবর্তন ঘটাবে এই আশা রাখা যায়।খেলাধুলার পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যের মেলবন্ধন সুদৃঢ় করার ক্ষেত্রে আগামী দিনে হাওড়ার গর্ব হিসেবে এই ‘দক্ষিণ হাওড়া মেরিনার্স’ আরও পরিচিতি লাভ করবে, এটুকু বলা অত্যুক্তি হবে না।।
এই শিবিরটি সফল করার জন্য কলেজ রোড দুর্গোৎসব কমিটি এবং শ্রী ডায়গনস্টিক সেন্টার এন্ড ক্লিনিকসের কাছে ক্লাব কর্তৃপক্ষ বিশেষভাবে কৃতজ্ঞ। সকলের মিলিত প্রচেষ্টায় দক্ষিণ হাওড়া আজ এক নতুন ভোরের স্বপ্ন দেখছে।

