📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন রাস্তাঘাটের নামকরণ ও পরিবর্তনের জন্য দু’মাস আগে কমিটি গড়েছিল শুভেন্দু অধিকারীর সরকার। স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজের নেতৃত্বে ওই কমিটি শুক্রবার বৈঠকে বসেছিল কলকাতা পুরসভায়। সেখানে কলকাতা এবং আশপাশের এলাকায় বেশ কিছু রাস্তার নামকরণ নিয়ে আলোচনা হয়েছে। উঠে এসেছে বেশ কিছু নতুন নামও।
বিশ্ব বাংলা সরণি, লেনিন সরণি এবং স্ট্র্যান্ড রোডের নাম পরিবর্তনের বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। নাম পরিবর্তনের বিষয়ে ইতিমধ্যে বেশ কিছু প্রস্তাব পেয়েছে কমিটি। যেমন বিশ্ব বাংলা সরণির নাম বদলে ‘সত্যেন বোস সরণি’ করার একটি প্রস্তাব গিয়েছে কমিটির কাছে। স্ট্র্যান্ড রোডের নাম পাল্টে ‘সম্রাট শশাঙ্ক সরণি’ করার বিষয়ে আলোচনাও অনেকটা এগিয়েছে। বৈঠক শেষে লেনিন সরণি প্রসঙ্গে কমিটির অন্যতম সদস্য তথাগত রায় বলেন, “লেনিনের সৃষ্ট যে রাষ্ট্র, সেটাই তো নেই। অতএব কাউকে কোনও দুঃখ দেওয়ার কোনও প্রশ্ন নেই।” হো চি মিন সরণির নাম পরিবর্তনের বিষয়ে চিন্তাভাবনা চলছে বলে জানান তিনি।
কমিটির প্রধান কার্তিক মহারাজ বলেন, “আরও ২৪টি (রাস্তার) নাম নিয়ে প্রস্তাব এসেছে। সেগুলি আলোচনা করে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে।”

