পিঞ্জর’-এর ওয়াল আর্টে উদযাপিত হল শিল্পের স্বাধীনতা — খাঁচা ভাঙার গল্প এবার শহরের দেওয়ালে

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আগামী ১০ই জুলাই মুক্তির অপেক্ষায় থাকা আন্তর্জাতিকভাবে প্রশংসিত বাংলা পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র পিঞ্জর, পরিচালক রুদ্রজিৎ রায়ের ভাবনায় এবং *Chasing Dreams ও Bell Jar Films*-এর প্রযোজনায়, কলকাতায় উন্মোচন করল এক অভিনব ওয়াল আর্ট ইনস্টলেশন। ছবির অন্যতম শক্তিশালী ভিজ্যুয়াল প্রতীক খাঁচা ভেঙে মুক্ত আকাশে উড়ে যাওয়া এক পাখি থেকেই অনুপ্রাণিত এই শিল্পকর্ম।

শিকাগো, মন্ট্রিয়ল, লন্ডন এবং কিফ-সহ একাধিক উল্লেখযোগ্য চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হওয়ার পর, পিঞ্জর এবার তার সিনেমাটিক ভাষাকে বড় পর্দার বাইরে এনে শহরের দেওয়ালে রূপ দিল এক আবেগঘন শিল্প-উদ্যোগে, যেখানে সিনেমা, অনুভূতি এবং নগর শিল্প এক অনন্য মেলবন্ধনে ধরা পড়েছে।

লেক গার্ডেন্স ব্রিজের কাছে Graffiti Warehouse-এর বিপরীতে অবস্থিত Poster Wall-এ তৈরি এই ওয়াল আর্ট ছবির অন্তর্নিহিত বিষয় মানসিক বন্দিত্ব, প্রতিরোধ এবং মুক্তির আকাঙ্ক্ষা  কে প্রতীকীভাবে তুলে ধরে।

এই বিশেষ উন্মোচনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিঞ্জর-এর অভিনেত্রী *মল্লিকা ব্যানার্জি, শতাক্ষী নন্দী,অভিনেতা ইশান মজুমদার, সাগ্নিক মুখার্জি, সামিউল আলম, স্বস্তিদীপা এবং ছবির সঙ্গীত পরিচালক রাতুল শঙ্কর।*

এই উদ্যোগের মাধ্যমে পিঞ্জর শুধুমাত্র একটি চলচ্চিত্র হিসেবেই নয়, বরং শহরের জনপরিসরকে নিজের কাব্যিক ও সামাজিক বক্তব্যের অংশ করে তুলে এক শক্তিশালী সিনেমাটিক অভিব্যক্তিতে পরিণত হয়েছে।

এই ওয়াল আর্ট ইনস্টলেশনের সৃজনশীল রূপায়ণে শিল্পী *বিদুষী রায়-এর* বিশেষ অবদানকে পিঞ্জর টিম আন্তরিক কুর্নিশ জানিয়েছে।

আগামী *১০ই জুলাই, ২০২৬* প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘পিঞ্জর’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *