📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আর কোনও জেলায় শুক্রবারের পর আবহাওয়া সংক্রান্ত সতর্কতা নেই। তবে বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে। সমুদ্রেও আপাতত নতুন করে আর কোনও সতর্কতা জারি করা হয়নি।
উত্তরবঙ্গে বৃষ্টি আগের চেয়ে কমেছে। তবে আগামী সপ্তাহে নতুন করে ঝড়বৃষ্টি বাড়তে পারে উত্তরের জেলাগুলিতে। শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার এবং কোচবিহারে। আলিপুরদুয়ারে রবিবারের পর থেকে প্রতিদিনই ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়িতে সোমবার থেকে, কালিম্পঙে মঙ্গলবার থেকে এবং দার্জিলিঙে বুধবার থেকে বৃষ্টি বাড়বে।
শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি কম। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৯ ডিগ্রি কম।

