📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ১১ জুন, ২০২৬! ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপ ২০২৬-র দিকে তাকিয়ে ফুটবল প্রেমীরা। তবে তার আগে আরো এক টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে ফুটবলের প্রতি বাঙালিদের ভালোবাসাকে জিইয়ে রাখতে। আয়োজনে পশ্চিম পুটিয়ারী পল্লী উন্নয়ন সমিতি। আগামী ৬ – ৭ই জুন,২০২৬, পশ্চিম পুটিয়ারী পল্লী উন্নয়ন সমিতি তাঁদের নিজেদের মাঠে অনুষ্ঠিত করতে চলেছে একটি ‘Intra-club Football Tournament’ ।ছয়জন খেলোয়াড় সহ মোট ছয়টি দল নিয়ে দুদিন ধরে চলবে এই প্রতিযোগিতা।নবীন- প্রবীণদের মিলিত এই টিমের খেলায় যেমনটা দেখা যাবে ক্লাবের নতুন প্রতিভাবান ফুটবলারদের দক্ষতা, তেমনি ঝলসে উঠবে প্রবীণদের পুরোনো দক্ষতা। এই প্রতিযোগিতা শুরুর মধ্যে দিয়েই পল্লী উন্নয়ন সমিতির মাঠের কাদা – মাখা ফুটবলের সাথে কোথাও যেন মেলবন্ধন ঘটে যাবে এবারের বিশ্বকাপের জন্য তৈরি অ্যাডিডাস কোম্পানির অত্যাধুনিক ফুটবল ” ট্রায়ন্ডা”-র। শুরু হয়ে যাবে এই অঞ্চলের মানুষের বিশ্বকাপ ফুটবলকে নিয়ে উন্মাদনার যথার্থ উদ্বোধন। তাই ফুটবলকে ভালোবাসলে , আগামী ৬ – ৭ই জুন,২০২৬, অবশ্যই আপনাদের আসতে হবে পশ্চিম পুটিয়ারী পল্লী উন্নয়ন সমিতির মাঠে।
বাঙালির কাছে ফুটবল মানে এমন একটা ভালোবাসা, যা তার জীবনের চলার পথে, শয়নে – স্বপনে ওতোপ্রতোভাবে জড়িয়ে রয়েছে। কিংবদন্তি মান্না দে – র কন্ঠে ‘ধন্যি মেয়ে’ সিনেমার সেই বিখ্যাত গান ( কথা- পুলক বন্দোপাধ্যায় সুর- নচিকেতা ঘোষ) ” সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল ” , আক্ষরিক অর্থেই বাঙালির জীবন সঙ্গীত হয়ে রয়ে গিয়েছে। যতই আমরা মোহনবাগান, ইস্টবেঙ্গল , মহামেডান কে সাপোর্ট করে নিজেদের মধ্যে লড়াই করি , বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল ,আর্জেন্টিনা, জার্মানী সহ বিভিন্ন দেশকে সাপোর্ট করে এই ফুটবল জ্বরে আক্রান্ত হওয়ার মধ্যে দিয়ে আমরা কোথাও যেন আমাদের নিজের দেশকে বিশ্বকাপ ফুটবলের মঞ্চে না দেখতে পাওয়ার দুঃখটাকে ভুলে থাকার চেষ্টা করি এবং স্বপ্ন দেখতে শুরু করি যে ভবিষ্যতে আমরাও একদিন বিশ্বকাপ ফুটবলের মঞ্চে নিজেদের তুলে ধরবো।আর এই ফুটবলের প্রতি ভালোবাসা কে সঙ্গে নিয়েই পশ্চিম পুটিয়ারী পল্লী উন্নয়ন সমিতির আয়োজন করেছে দু দিন ব্যাপী ‘Intra-club Football Tournament’ ।
FIFA – র আগে ‘Intra-club Football Tournament’! ফুটবলকে ভালোবেসে আয়োজন পশ্চিম পুটিয়ারী পল্লী উন্নয়ন সমিতির

