তৃণমূল জিততেই ‘বড়মা’র বন্ধ ঘরের তালা ভাঙলেন মধুপর্ণার অনুগামীরা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মতুয়া ঠাকুরবাড়িতে বড়মা বীনাপাণি দেবীর বন্ধ ঘর ‘দখলমুক্ত’ করা হল। বাগদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হওয়ার পরেই তৃণমূল প্রার্থী তথা মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুরের অনুগামীরা তালা ভেঙে বড়মার ঘরে ঢোকেন।

বাগদা বিধানসভা কেন্দ্রটি বিজেপির হাত থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। উপনির্বাচনে জয়ী ঠাকুরবাড়ির সদস্য মধুপর্ণা। জয়ের পর বাড়ি ফিরে ‘বড়মা’ বীনাপাণি দেবীর বন্ধ ঘরের তালা ভাঙেন মধুপর্ণার অনুগামী মতুয়ারা। যদিও মধুপর্ণার মা তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের দাবি, আদালতের নির্দেশেই তাঁরা তাঁদের ঘর ফিরে পেয়েছেন।

অভিযোগ, গত ৭ এপ্রিল ঠাকুরবাড়িতে ‘বড়মা’র এই ঘরে তালা ঝুলিয়ে দিয়েছিলেন বনগাঁর বিজেপি সাংসদ তথা মধুপর্ণার জ্যেঠতুতো দাদা শান্তনু ঠাকুর। তাঁর উপস্থিতিতেই মতুয়া ভক্তদের একাংশ ওই ঘরে তালা ঝুলিয়ে দেন। পরবর্তী সময়ে মমতাবালা এই নিয়ে আইনের দ্বারস্থ হন।