
নিজস্ব সংবাদদাতা, Todays Story : পরীক্ষাশেষের ৪৪ দিন পর প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফল। ২৭ নভেম্বর শুক্রবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে ফল প্রকাশ করা হবে।উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৭ নভেম্বর দুপুর আড়াইটেয় সল্টলেকের বিদ্যাসাগর ভবনে সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণা করা হবে। এর পর ওই দিনই বিকেল ৩টে থেকে পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের ফল দেখতে পাবে এবং স্কুলগুলি তা ডাউনলোড করতে পারবে। তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষায় যারা বসেছিল, তাদের ফলও একই সঙ্গে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
কী ভাবে দেখা যাবে ফলাফল?
প্রথমে https://result.wb.gov.in ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট লিঙ্কে গিয়ে পরীক্ষার্থীদের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। তা হলেই ফলাফল দেখতে পাওয়া যাবে। এ ছাড়াও, স্কুলগুলি নিজেদের লগ-ইন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সংসদের নির্দিষ্ট পোর্টাল থেকে দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমেস্টারের ফল এবং সামগ্রিক ফলের সারসংক্ষেপ ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করা ফলের কপিতে স্কুলের সিল এবং প্রধানশিক্ষকের স্বাক্ষর দিয়ে তা পড়ুয়াদের হাতে তুলে দিতে হবে বলে জানিয়েছে সংসদ।

