📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রবিবার মেচেদায় বিজেপির নেতা-কর্মীদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠকে বসেন শুভেন্দু। তমলুক সাংগঠনিক জেলার মণ্ডল সভাপতি, মোর্চা নেতৃত্বকে নিয়ে বৈঠক করেন তিনি। প্রথম দফায় সংগঠনের নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে একপ্রস্ত বৈঠক হয়। পরে তমলুক সাংগঠনিক জেলার বিজেপি কোর কমিটির সদস্যদের নিয়েও দীর্ঘ ক্ষণ আলোচনা করেন তিনি। সব মিলিয়ে প্রায় দু’ঘণ্টা ধরে চলে এই বৈঠক। দলীয় নির্দেশিকার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
দলীয় বৈঠক শেষে রাজনৈতিক এবং প্রশাসনিক বেশ কয়েকটি বিষয়ের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি ঘোষণা করেন ‘আয়ুষ্মান দিবস’-এর কথা। শুভেন্দু বলেন, “১৬ অগস্ট সরকারের ১০০ দিন পূরণ হবে। ১৬ অগস্ট কলকাতার ক্ষেত্রে ভয়ঙ্কর দিন। সুরাবর্দির নেতৃত্বে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল। আগের সরকার সেই দিনটা খেলা হবে দিবস পালন করত। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে, ওই দিন আয়ুষ্মান দিবস হিসেবে পালন করা হবে।”

