প্রেমের সম্পর্কের আড়ালে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ, গ্রেফতার এক যুবক

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার শ্যামপুর কলোনির বাসিন্দা রজত দাসের বিরুদ্ধে ১৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ তুলল হাওড়ার বাসিন্দা এক তৃতীয় লিঙ্গ।
অভিযোগ , ২০১৭ সালে গণমাধ্যমের মাধ্যমে রজত দাসের সঙ্গে প্রিয়াঙ্কা ঘোষের পরিচয় হয়। পরিচয়ের প্রথম দিন থেকেই রজত জানতেন যে প্রিয়াঙ্কা একজন বৃহন্নলা। তবুও তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রিয়াঙ্কার দাবি, ব্যবসা শুরু করার কথা বলে এবং বিভিন্ন সময়ে নানা অজুহাতে রজত তাঁর কাছ থেকে ধাপে ধাপে মোট প্রায় ১৫ লক্ষ টাকার মত নেন। দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক থাকায় তিনি কোনও সন্দেহ করেননি।
২০২২ সালে প্রাপ্য টাকা ফেরত চাইলে দু’জনের সম্পর্কে ভাঙন ধরে। এরপর শুরু হয় অশান্তি। শেষ পর্যন্ত উপায় না দেখে প্রিয়াঙ্কা অভিযোগ দায়ের করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত কোক ওভেন থানায় গত ১৭ ফেব্রুয়ারি ।
পুলিশ সূত্রে জানা গেছে, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। গতকাল তাকে গ্রেফতার করে আজ শুক্রবার তাকে দুর্গাপুর আদালতে তোলা হয়। স্পেশাল জজ দায়রা আদালতে হাজির করা হলে, জজ সাহেব চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *