ব্যারিটোন ইউকুলেলের নতুন ভাষা নিয়ে এলেন প্রাজ্ঞ দত্ত, প্রকাশ্যে ডেবিউ ইন্সট্রুমেন্টাল অ্যালবাম ইন্টারসেকশন সেভেন

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বহুমুখী সংগীতশিল্পী Prajna Dutta তাঁর প্রথম ব্যারিটোন ইউকুলেলে অ্যালবাম Intersection Seven নিয়ে হাজির হয়েছেন এক অভিনব সংগীতযাত্রায়। সাতটি মৌলিক কম্পোজিশন নিয়ে তৈরি এই অ্যালবামে ধরা পড়েছে বিভিন্ন ঘরানার সংগীতের মেলবন্ধন, যেখানে প্রতিটি সুর যেন আলাদা এক গল্প বলে।

ইউকুলেলে পরিবারের তুলনামূলক আধুনিক সদস্য ব্যারিটোন ইউকুলেলে ১৯৪০-এর দশকের শেষদিকে জনপ্রিয়তা লাভ করে। প্রচলিত সোপ্রানো, কনসার্ট ও টেনর ইউকুলেলের উজ্জ্বল সুরের পাশাপাশি ব্যারিটোন ইউকুলেলে যুক্ত করে গভীরতা, উষ্ণতা এবং ক্লাসিক্যাল গিটারের মতো রেজোন্যান্স। ফলে এটি হয়ে ওঠে বহুমাত্রিক সংগীত পরিবেশনের জন্য এক অনন্য বাদ্যযন্ত্র।

এই বাদ্যযন্ত্রের বহুমুখী সম্ভাবনাকেই নিজের সৃষ্টির মাধ্যমে নতুনভাবে তুলে ধরেছেন প্রাজ্ঞ দত্ত। ইন্টারসেকশন সেভেন অ্যালবামে রয়েছে সাতটি ভিন্ন সংগীতধারার কম্পোজিশন, যেখানে কখনও একটি নির্দিষ্ট ঘরানার পরিচয় স্পষ্ট হয়েছে, আবার কখনও একাধিক ধারার সংমিশ্রণে তৈরি হয়েছে নতুন সংগীতভাষা।

অ্যালবামের সাতটি কম্পোজিশন হল—

১. প্রিলিউড টু প্রোজ — পাশ্চাত্য শাস্ত্রীয় সংগীত
২. ওলে — ফ্ল্যামেঙ্কো
৩. ফোকলোর — বিশ্ব লোকসংগীত
৪. বসাবল — বোসা / লাতিন
৫. দেবী — ভারতীয় শাস্ত্রীয় সংগীত
৬. অঁ গার্দ — জিপসি জ্যাজ
৭. ডেভিল’স ওন ব্লুজ — ব্লুজ / রুটস

ফ্ল্যামেঙ্কোর তীব্র আবেগ, ভারতীয় শাস্ত্রীয় সংগীতের ধ্যানমগ্নতা, লাতিন রিদমের প্রাণবন্ততা কিংবা ব্লুজের গভীর অনুভূতি— সবকিছুকে ব্যারিটোন ইউকুলেলের মাধ্যমে নতুনভাবে উপস্থাপন করেছেন প্রাজ্ঞ দত্ত।

নিজের প্রথম   ইন্সট্রুমেন্টাল  অ্যালবামের মাধ্যমেই তিনি প্রমাণ করলেন, ব্যারিটোন ইউকুলেলে শুধুমাত্র একটি বাদ্যযন্ত্র নয়, বরং এটি হতে পারে নানা সংস্কৃতি ও সংগীতধারার মিলনস্থল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *