চড়ছে তাপমাত্রার পারদ, গ্রীষ্মের ছুটির পর নয়া নির্দেশিকা জারি করল স্কুলশিক্ষা দফতর

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: এই পরিস্থিতিতে কি ফের স্কুল বন্ধের নির্দেশ দেবে সরকার? এ প্রশ্নের মধ্যেই বিজ্ঞপ্তি জারি হল স্কুল শিক্ষা দফতরের তরফে। গরমের ছুটির পরে স্কুল খোলার প্রথম দিনেই বিজ্ঞপ্তি দিয়েছে দফতর। সোমবার ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন জেলায় গরমের দাপট বৃদ্ধি পাওয়ার কারণে স্কুলগুলি নিজেদের মত করে সময় নির্ধারণ করতে পারে। জেলা স্কুল পরিদর্শকের দফতরকে দেওয়া নির্দেশে বলা হয়েছে, প্রয়োজন হলে স্কুলগুলি সকালে ক্লাস করাতে পারে।

এই বছর প্রথমে ক্যালেন্ডার অনুযায়ী গত ১১ মে থেকে ১৬ মে পর্যন্ত গরমের ছুটি ছিল। পরে তা বৃদ্ধি করে ৩১ মে করা হয়। ১ জুন থেকে চালু হয় স্কুল। কিন্তু সারা রাজ্যে, বিশেষত পশ্চিমের জেলাগুলিতে গরমের দাপট অব্যাহত। এই পরিস্থিতিতে স্কুল বন্ধ না রেখে জেলাভিত্তিক স্কুলগুলিকেই সকালে করার অনুমতি দিল দফতর।

এক জেলা স্কুল পরিদর্শক জানান, সংশ্লিষ্ট স্কুলগুলিই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে দফতর। আগামী দু’সপ্তাহে পরিস্থিতি অনুযায়ী স্কুলের সময়ের পরিবর্তন করার ক্ষেত্রে অনুমতি দেওয়া হল। কোনও বিশেষ জেলার নাম উল্লেখ না থাকলেও প্রধানত বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাগুলিতে সমস্যা অনেক বেশি বলে মনে করছে দফতর। তবে পাহাড়ি এলাকাগুলি ছাড়া রাজ্যের সর্বত্রই এই নির্দেশ কার্যকরী হবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *