📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আবহাওয়া দফতর জানিয়েছে, ২৮ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উপকূলের দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়াতেও ভারী বৃষ্টি হতে পারে। কলকাতাতেও ওই দিন থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বৃষ্টির সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর জেরে দক্ষিণবঙ্গের দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। নিম্নচাপের সম্ভাব্য গতিপথের দিকে নজর রেখে মৎস্যজীবীদের ২৬ অক্টোবর থেকে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

