📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সংসদে তিন দিনের বিশেষ অধিবেশনে তিনটি বিল পাশ করাতে চাইছে কেন্দ্র। তিনটি বিল হল— মহিলা সংরক্ষণের জন্য ১৩১তম সংবিধান সংশোধনী বিল, লোকসভার সাংসদ সংখ্যা বাড়িয়ে ৮৫০ করার জন্য আসন পুনর্বিন্যাস বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল। বৃহস্পতিবার দুপুরে তিনটি বিলই লোকসভায় পেশ করা হয়েছে। প্রায় ১২ ঘণ্টা আলোচনার পরে শুক্রবার বিকেলে এই তিনটি বিলের উপর ভোটাভুটি হতে পারে সংসদের নিম্নকক্ষে।
এই বিল লোকসভায় পেশ করা হবে কি না, তা নিয়েও ভোটাভুটি হয় অধিবেশন কক্ষে। তাতে বিল পেশের পক্ষে মত দেন ২৫১ জন সাংসদ। বিপক্ষে মত দেন ১৮৫ জন। সংসদের অধিবেশন শুরুর আগে বৃহস্পতিবার সকালেই সমাজমাধ্যমে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নারী ক্ষমতায়ন নিয়ে বার্তা দেন তিনি। তাঁর কথায়, নারী ক্ষমতায়নের জন্য এক ‘ঐতিহাসিক পদক্ষেপ’ হতে চলেছে সংসদের বিশেষ অধিবেশনে। মহিলা সংরক্ষণ বিলের ‘উদ্দেশ্য’ নিয়ে যখন বিরোধী শিবিরের সমালোচনা এবং প্রশ্নের মুখে মোদী সরকার, তখন প্রধানমন্ত্রীর এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
লোকসভায় পেশ তিনটি বিল, ১২ ঘণ্টা আলোচনার শেষে ভোটাভুটি হতে পারে শুক্রবার! বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদীও

