‘বিজেপি জিতলে পশ্চিমবঙ্গে কে মুখ্যমন্ত্রী ?’ জবাব দিলেন অমিত শাহ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রাজ্য বিজেপিতে একাধিক হেভিওয়েট মুখ থাকলেও কাউকেই ‘মুখ্যমন্ত্রী-মুখ’ করে নির্বাচনী লড়াইয়ে নামেনি বিজেপি। তবে, এনিয়ে রাজ্যের বড় অংশের মানুষের কৌতূহল রয়েছে। কারণ, বিভিন্ন সমীক্ষায় তৃণমূল-বিজেপির হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে। সেক্ষেত্রে ৪ মে ফল ঘোষণার পর গেরুয়া শিবির যদি শেষ হাসি হাসে তাহলে কার নেতৃত্বে চলবে সরকার, এনিয়ে এখন রাজ্যের বিভিন্ন জায়গায় চর্চা। এদিন বিজেপির ‘সঙ্কল্প পত্র’ প্রকাশের অনুষ্ঠানেও তা নিয়েই প্রশ্ন করা হয়েছিল অমিত শাহ-কে। বিজেপি কী কী প্রতিশ্রুতিকে সামনে রেখে এবার বঙ্গে নির্বাচনী লড়াইয়ে নামছে, সেই সংক্রান্ত ঘোষণার পর সাংবাদিকদের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল, পশ্চিমবঙ্গের হবু মুখ্যমন্ত্রী কি আপনার সঙ্গেই বসে আছেন ? এদের মধ্যেই কেউ হবেন ? যার উত্তরে শাহ বলেন, “আমরা তো কোনও বংশ-পরম্পরার পার্টি নই। যে, দিদির পর ভাইপো হবেন। যে কোনও বাঙালি হতে পারেন। বাংলারই বাসিন্দা বিজেপি থেকে বাংলার মুখ্যমন্ত্রী হবেন। এ ব্যাপারে চিন্তা করবেন না। তিনি সক্ষমও হবেন। যোগ্যও হবেন, নেতাও হবেন। সুশাসনও আনবেন।” প্রসঙ্গত, এদিন বিজেপির ইস্তেহার ‘ভরসার শপথ’ প্রকাশের অনুষ্ঠানে শাহ ছাড়া, রাজ্য বিজেপির তরফে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, ভবানীপুর ও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, এর পাশাপাশি রাজ্য বিজেপির অন্যতম শীর্ষ নেতৃত্ব অগ্নিমিত্রা পাল, তাপস রায়, শান্তনু ঠাকুররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *