📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: নিউটাউনের স্বনামধন্য চোখের হাসপাতাল Sankara Jyoti Eye Institute এবার উত্তর ২৪ পরগনার বসিরহাটের বৌবাজার সন্নিকটে চালু করল একটি অত্যাধুনিক ভিশন সেন্টার। এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত মানের চক্ষু পরিষেবা পৌঁছে দিতে এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন স্বাস্থ্য মহল।
নতুন এই ভিশন সেন্টারে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে চোখের যাবতীয় পরীক্ষা-নিরীক্ষার সুব্যবস্থা রয়েছে। দৃষ্টিশক্তি নির্ণয়, গ্লুকোমা ও রেটিনা পরীক্ষা থেকে শুরু করে ছানি নির্ণয়ের মতো গুরুত্বপূর্ণ পরিষেবাও এখানে পাওয়া যাচ্ছে। পাশাপাশি সর্বাধুনিক পদ্ধতিতে ছানি অপারেশনের সুযোগ থাকায় রোগীরা উন্নত চিকিৎসা পাবেন স্থানীয় স্তরেই, দূরে শহরে না গিয়েই।
মানুষের মধ্যে চোখের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের লক্ষ্যে গত ২২ ফেব্রুয়ারি আয়োজিত হয় একটি বিশেষ সচেতনতা ও চক্ষু পরীক্ষা শিবির। এই শিবিরে এলাকার আশাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তাদের চোখের প্রাথমিক পরীক্ষা করা হয় এবং চোখের বিভিন্ন রোগের লক্ষণ, প্রতিরোধ ও সময়মতো চিকিৎসার গুরুত্ব সম্পর্কে বিশদে আলোচনা করা হয়।
উদ্যোক্তাদের বক্তব্য, গ্রামীণ ও শহরতলির মানুষের কাছে উন্নত চক্ষু চিকিৎসা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও নিয়মিত স্বাস্থ্য শিবির, সচেতনতা কর্মসূচি এবং স্বল্পমূল্যে চিকিৎসা পরিষেবার মাধ্যমে বৃহত্তর জনগোষ্ঠীর পাশে থাকার অঙ্গীকার করেছে প্রতিষ্ঠানটি।
স্থানীয় বাসিন্দারা এই নতুন ভিশন সেন্টার চালু হওয়ায় খুশি এবং আশা করছেন, এর ফলে এলাকায় চক্ষু চিকিৎসা পরিষেবা আরও সহজলভ্য ও উন্নত হবে।

