চতুর্থীতেও বৃষ্টির আভাস! পুজোর সপ্তাহ কেমন কাটবে রাজ্যবাসীর

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: পুজোর মধ্যে ভারী বৃষ্টি হবে কিনা তা জানতে উৎসুক বাঙালি। হাওয়া অফিস কিন্তু এখনও পর্যন্ত এমন কোনও আভাস দেয়নি। বিক্ষিপ্তভাবে হালকা-মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে শুধু। কিন্তু সোমবার অর্থাৎ চতুর্থীর দিনেও কলকাতা সহ বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকায় চিন্তা বাড়ছে উৎসবমুখী বঙ্গবাসীর।

আবহাওয়া দফতর বলছে, সোমবার মূলত রাজ্যের চার জেলায় বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। বাকি কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার কয়েকটি অংশে বৃষ্টি হতে পারে। যদিও কোনও জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি। কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে বলে জানানো হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে শহরের বিক্ষিপ্ত এলাকায়।
পঞ্চমী থেকে দশমী কেমন আবহাওয়া থাকবে বাংলার? হাওয়া অফিসের ইঙ্গিত, চলতি সপ্তাহে বৃষ্টি বাড়ার কোনও সম্ভাবনা নেই বললেই চলে। মোটামুটি সারাদিন ধরে মেঘলা আকাশ থাকতে পারে। বৃষ্টি হলেও তা বেশিক্ষণ স্থায়ী হবে না। যদিও আগামী শনিবারের পর থেকে আবহাওয়ার সামান্য পরিবর্তন আসতে পারে। ততদিনে তো পুজোই শেষ।

দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙের অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। নতুন করে ধস নামার কোনও আশঙ্কা করা হয়নি। এছাড়া পার্বত্য এলাকাতেও ভারী থেকে অতিভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আবহাওয়া দফতর আগেই আভাস দিয়েছিল দুর্গা পুজোর ষষ্ঠীর আগে দুর্যোগ কেটে যেতে পারে। তবে কলকাতা-সহ জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। কারণ উত্তর বঙ্গোপসাগরে রয়েছে নিম্নচাপ। অন্যদিকে আর একটি ঘূর্নাবর্ত রয়েছে উত্তর বাংলাদেশ এবং উত্তরবঙ্গ লাগোয়া এলাকায়। এরই প্রভাবে আবহাওয়ার এই পরিবর্তন।